দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনে আধিপত্য ছিল মাত্র ১০ কোম্পানির। গত সপ্তাহ শেষে ডিএসইর মোট লেনদেনের প্রায় অর্ধেকজুড়েই ছিল এই ১০ কোম্পানি। কোম্পানিগুলোর সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল ৪২৭ কোটি টাকা, যা ডিএসইর মোট লেনদেনের ৪৪ দশমিক ৪৭ শতাংশ। লেনদেনে আধিপত্য বিস্তার করা ১০ কোম্পানি হলো: এনভয় টেক্সটাইল, জেনারেশন নেক্সট, ইউনাইটেড এয়ার, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস, বাংলাদেশ সাবমেরিন কেব্লস, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি), ন্যাশনাল ব্যাংক, যমুনা অয়েল, আরএন স্পিনিং ও পূবালী ব্যাংক।এসব কোম্পানির মধ্যে আবার নতুন তালিকাভুক্ত দুটি কোম্পানির লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১৯ শতাংশ। কোম্পানি দুটি হলো: এনভয় টেক্সটাইল ও জেনারেশন নেক্সট। সেই হিসাবে বলা যায়, ডিএসইতে গত সপ্তাহে লেনদেন ঘুরপাক খেয়েছে এই দুই কোম্পানিকে ঘিরে।তালিকাভুক্তির পরপরই কোম্পানি দুটি গত সপ্তাহে শেয়ারধারীদের জন্য লভ্যাংশও ঘোষণা করে। ৫ ডিসেম্বর শেয়ারবাজারে তালিকাভুক্তির পর ৯ ডিসেম্বর কোম্পানিটি শেয়ারধারীদের জন্য ২০ শতাংশ বোনাস বা স্টক লভ্যাংশের ঘোষণা দেয়। এ ছাড়া ৯ ডিসেম্বর লেনদেন শুরুর আগেই শেয়ারধারীদের জন্য নগদ ও বোনাস মিলিয়ে ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে এনভয় টেক্সটাইল। এর মধ্যে ছিল ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ।বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আগে কোনো কোম্পানি নতুন তালিকাভুক্ত হলে প্রথম ৩০ কার্যদিবস ওই কোম্পানির শেয়ারের বিপরীতে কোনো ধরনের ঋণসুবিধা পেতেন না বিনিয়োগকারীরা। সম্প্রতি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) সেই শর্ত শিথিল করে। এর ফলে তালিকাভুক্তির প্রথম দিন থেকেই নতুন কোম্পানির শেয়ারের বিপরীতে ঋণসুবিধা মিলছে। এটিই এসব কোম্পানির শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ তৈরির অন্যতম কারণ।জানতে চাইলে পুঁজিবাজার বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অর্থনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ হেলাল প্রথম আলোকে বলেন, এমনিতেই নতুন কোম্পানির শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের এক ধরনের আগ্রহ থাকে। তার সঙ্গে এবার যুক্ত হয়েছে লভ্যাংশ ঘোষণা। তালিকাভুক্তির সঙ্গে সঙ্গেই দুটি কোম্পানি লভ্যাংশের ঘোষণা দিয়েছে। এতে এই দুটি কোম্পানির শেয়ারের প্রতি আগ্রহটা আরও একটু বেড়ে গেছে।নতুন শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহের কারণ সম্পর্কে মোহাম্মদ হেলাল বলেন, বাজারে যেসব শেয়ার আগে থেকে তালিকাভুক্ত, সেসব শেয়ারের দাম সম্পর্কে বিনিয়োগকারীদের একটি ধারণা রয়েছে। কিন্তু নতুন তালিকাভুক্ত কোম্পানির শেয়ারের দাম সম্পর্কে সেই ধরনের কোনো ধারণা তাঁদের থাকে না। এ কারণে এসব শেয়ারে কিছুটা চমকের প্রত্যাশা থাকে বিনিয়োগকারীদের। বাজারের সার্বিক লেনদেন কমে যাওয়ায় নতুন কোম্পানিগুলো লেনদেনের শীর্ষে রয়েছে।এদিকে সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহ শেষে ঢাকার বাজারের লেনদেন হাজার কোটি টাকার নিচে নেমে গেছে। সপ্তাহের পাঁচ কার্যদিবসে ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৯৬০ কোটি টাকায়, যা আগের সপ্তাহের চেয়ে প্রায় ১৭ শতাংশ বা ১৯১ কোটি টাকা কম।