১০ বছর পর নেপালের সঙ্গে বাণিজ্যে উদ্বৃত্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিগত ১০ বছরের মধ্যে সর্বশেষ ২০১৪-১৫ অর্থবছরে নেপালের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য উদ্বৃত্ত হয়েছে। নেপাল ট্রানজিট অ্যান্ড ওয়্যারহাউস কোম্পানির সূত্রমতে, আলোচ্য অর্থবছরে নেপাল ১১৫ কোটি রুপির পণ্য রপ্তানি করেছে বাংলাদেশে। অন্যদিকে বাংলাদেশ থেকে আমদানি করেছে ২৫৩ কোটি রুপির পণ্য।
নেপালের শীর্ষস্থানীয় গণমাধ্যম কান্তিপুর ডট কম এ খবর পরিবেশন করেছে। গণমাধ্যমটি বলছে, গত অর্থবছরে নেপাল থেকে মসুর ডাল আমদানি ব্যাপক হারে কমে যাওয়ার কারণেই দ্বিপক্ষীয় বাণিজ্য বাংলাদেশের পক্ষে গেছে। এর আগে ২০০৪-০৫ অর্থবছর থেকে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য উদ্বৃত্ত ছিল নেপালের।
নেপাল ট্রানজিট অ্যান্ড ওয়্যারহাউস কোম্পানির প্রধান যাদব সিভোক্তি বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্যের প্রথম কয়েক বছর ওঠা-নামা করলেও ২০০৪-০৫ অর্থবছর থেকে তা নেপালের পক্ষেই ছিল। বাংলাদেশে ডাল রপ্তানি কমে যাওয়ায় এবার দুই দেশের বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়েছে। নেপাল থেকে যে পরিমাণ পণ্য বাংলাদেশে রপ্তানি হয়, এর মধ্যে ৫০ শতাংশের বেশি মসুর ডাল।
নেপালের বাণিজ্য ও রপ্তানি উন্নয়ন কেন্দ্রের তথ্য অনুযায়ী, বাংলাদেশ হলো নেপালি পণ্যের দ্বিতীয় বৃহত্তম বাজার। ২০১২-১৩ অর্থবছরে দেশটি ২৭১ কোটি রুপির মসুর ডাল রপ্তানি করেছে বাংলাদেশে। ২০১৪-১৫ অর্থবছরে তা কমে ১১১ কোটি ডলারে নেমে এসেছে।
নেপাল থেকে সাধারণত মসুর ডাল, শাকসবজি, ফলফলাদি আমদানি করে বাংলাদেশ। অন্যদিকে বাংলাদেশ থেকে ওষুধ, কাঁচা পাট, জ্যাম, গুঁড়া দুধ, আলুসহ ২০ ধরনের পণ্য রপ্তানি হয় সেই দেশে।
নেপালের পূর্বাঞ্চলীয় শিল্প বণিক সমিতির সদস্য বিমল আচার্য বলেন, বাংলাদেশ ক্রমান্বয়ে রপ্তানি পণ্যের তালিকা বৃদ্ধি করছে। কিন্তু নেপাল তা করতে পারছে না।
উল্লেখ্য, ১৯৯৭ সালে কাকরভিটা-ফুলবাড়ী-বাংলাবান্ধা পথে দুই দেশের মধ্যে বাণিজ্য শুরু হয়। গত ১৮ বছরে ৩ হাজার ৭৯২ কোটি রুপির বাণিজ্য হয়েছে। এর মধ্যে নেপাল রপ্তানি করেছে ২ হাজার ৬৫৮ কোটি রুপির পণ্য। আর বাংলাদেশ ১ হাজার ১৩৪ কোটি রুপির পণ্য রপ্তানি করেছে।