বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্য সম্প্রসারণে দুই দেশের মধ্যে ১০ বছর মেয়াদি ‘অ্যাকশন প্ল্যান’ বাস্তবায়নের প্রস্তাব দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত তামৎসু শিনোৎসুকা। তিনি গতকাল বুধবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খানের সঙ্গে সাক্ষাৎকালে এ প্রস্তাব দেন।জাপানের রাষ্ট্রদূত বাংলাদেশ-জাপান বাণিজ্য সম্প্রসারণে ট্রেড বডি গঠন এবং বিনিয়োগ-সহায়ক পরিবেশ তৈরির আহ্বান জানান। তিনি বাণিজ্যমন্ত্রীকে বাংলাদেশে জাপানি বিনিয়োগের সম্ভব বাধাগুলো দূর করারও আহ্বান জানান। আলোচনায় বাংলাদেশ-জাপান যৌথ বণিক সমিতি ও সংসদীয় গ্রুপের কার্যক্রম বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করা হয়।শিনোত্সুকা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন জাপান সফরের সময় পদ্মা সেতু নির্মাণে অর্থায়ন, অর্থনৈতিক সহযোগিতা এবং বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিষয়াদি নিয়ে আলোচনা হবে। জাপানি বিনিয়োগকারীরা শেখ হাসিনার কাছে বিনিয়োগ সুবিধাদি ও বিনিয়োগে বিদ্যমান বিভিন্ন বাধা দূর করার পদক্ষেপ সম্পর্কে জানতে চাইবেন।বাণিজ্যমন্ত্রী ফারুক খান শিনোৎসুকার প্রস্তাবকে স্বাগত জানিয়ে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময়ে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (রপ্তানি) মনোজ কুমার রায় এবং জাপান দূতাবাসের প্রথম সচিব ইয়াসুহারু শিনটো উপস্থিত ছিলেন। বাসস।