১০ বছর মেয়াদি প্রেক্ষিত পরিকল্পনা অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ বছর মেয়াদি বাংলাদেশ প্রেক্ষিত পরিকল্পনা (২০১০-২০২১) অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে সামনে রেখে পরিকল্পিত সুষম ও সমন্বিত উন্নয়ন অর্জনের জন্য সরকার এই পরিকল্পনা প্রণয়ন করেছে। শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এনইসি সভায় গতকাল বৃহস্পতিবার এই প্রেক্ষিত পরিকল্পনা অনুমোদন করা হয়। প্রধানমন্ত্রী ও এনইসির চেয়ারপারসন শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন।সভা শেষে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার সাংবাদিকদের প্রেক্ষিত পরিকল্পনাটি সম্পর্কে অবহিত করেন। মন্ত্রী জানান, পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি) প্রেক্ষিত পরিকল্পনাটি চূড়ান্ত করেছে। এটি একটি বাস্তবভিত্তিক বহুমাত্রিক দিকনির্দেশনা, যা একটি প্রতিযোগিতামূলক ও উদ্ভাবনী অর্থনীতির বিকাশ ঘটিয়ে দেশে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি করবে। এ কে খন্দকারের মতে, রূপকল্প ২০২১-কে ধারণ করে দেশের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক দর্শন এবং বিদ্যমান আইন ও নীতিমালার আলোকে প্রেক্ষিত পরিকল্পনা প্রণীত হয়েছে। দীর্ঘ ও মধ্য মেয়াদি কর্মপরিকল্পনার প্রধান প্রধান তথ্য এতে সন্নিবেশিত হয়েছে।সভায় উপস্থাপিত সারসংক্ষেপে জানানো হয়, আর্থসামাজিক উন্নয়নে দক্ষিণ-পূর্ব এশিয়া ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর গত দুই দশকের সাফল্যের ন্যায় বাংলাদেশও যেন ২০২১ সালের মধ্যে একটি মধ্যম আয়ের সমৃদ্ধ দেশে পরিণত হতে পারে, প্রেক্ষিত পরিকল্পনায় তার প্রক্ষেপণ রয়েছে। এতে মধ্যম আয়ের দেশে রূপান্তরের চ্যালেঞ্জ মোকাবিলা এবং এর জন্য প্রয়োজনীয় কৌশলগুলো বর্ণিত হয়েছে। পরিকল্পনা দলিলে জিডিপি প্রবৃদ্ধি ২০১৫ সালে ৮ শতাংশ এবং ২০২১ সালে ১০ শতাংশে উন্নীত করা; মাথাপিছু আয় ২০২১ সালে দুই হাজার মার্কিন ডলারে উন্নীত করা; মূল্যস্ফীতির হার একটি সহনীয় পর্যায়ে অর্থাৎ ৫ দশমিক ২ শতাংশে স্থির রাখা, ২০২১ সালের মধ্যে দারিদ্র্যসীমার নিচে অবস্থানকারী জনসংখ্যার হার সাড়ে ১৩ শতাংশে নামিয়ে আনাসহ বিভিন্ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে প্রেক্ষিত পরিকল্পনাটি একটি দিকনির্দেশনামূলক পরিকল্পনা। তাই এতে অর্থায়ন-সম্পর্কিত কোনো প্রাক্কলন করা হয়নি। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ এনইসির সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পরিকল্পনা কমিশনের সদস্যসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।