১০ বছরে এক লাখ প্রতিষ্ঠান বন্ধ

করোনার প্রভাবে অনেক খুচরা ও পাইকারি ব্যবসায়ী নিঃস্ব হয়েছেন। তাল মেলাতে না পেরে বিভিন্ন সময়ে আরও অনেকে ব্যবসা ছেড়ে গেছেন।

  • ২০০৯-১০ সালে খুচরা ও পাইকারি প্রতিষ্ঠান ছিল ২৬ লাখ ৫০ হাজার, যা কমে ২০১৯-২০ সালে ২৫ লাখ ৪১ হাজারে নেমেছে।

  • এক দশকে এই পেশায় কর্মসংস্থান বেড়েছে প্রায় তিন গুণ।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকায় চিনির পাইকারি ব্যবসা করতেন আলী হোসেন। বিভিন্ন সময়ে চিনির দামে ওঠানামার সঙ্গে তাল মেলাতে না পেরে লোকসান দিয়েছেন। কিন্তু করোনাভাইরাসের প্রভাবে তিনি পুরোপুরি নিঃস্ব হয়ে গেছেন। নিরুপায় হয়ে ব্যবসাই ছেড়ে দিয়েছেন।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য বলছে, গত এক দশকে দেশে ১ লাখ ৯ হাজার ২২৬টি খুচরা ও পাইকারি প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। তাদের কোনো অস্তিত্ব এখন নেই। ২০০৯-১০ অর্থবছরে দেশে খুচরা ও পাইকারি প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২৬ লাখ ৫০ হাজার ১২৩টি। ২০১৯-২০ অর্থবছরে সেই সংখ্যা কমে ২৫ লাখ ৪০ হাজার ৮৯৭টিতে নেমে এসেছে। এসব খুচরা ও পাইকারি ব্যবসার মধ্যে ছিল খাদ্য, পানীয় ও তামাক এবং সাংস্কৃতিক ও বিনোদনজাতীয় প্রতিষ্ঠান। বিবিএসের পাইকারি ও খুচরা ব্যবসা জরিপ ২০২০-এ এমন তথ্য উঠে এসেছে।

চলতি বছরের মার্চ ও এপ্রিল মাসে দৈবচয়নের ভিত্তিতে ১৫ হাজার ৪৪৬টি খুচরা ও পাইকারি প্রতিষ্ঠানের ওপর জরিপটি পরিচালনা করে বিবিএস। অর্থনৈতিক শুমারি ২০১৩ এবং বিজনেস ডিরেক্টরি ২০১৯-এর তথ্য-উপাত্ত দিয়ে জরিপটি পরিচালনা করা হয়। গতকাল মঙ্গলবার জরিপের প্রাথমিক ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করে সংস্থাটি।

খুচরা ও পাইকারি প্রতিষ্ঠান কমে যাওয়া সম্পর্কে বিবিএসের কর্মকর্তারা বলেন, পণ্যের দাম হঠাৎ বেড়ে গেলে সেটার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারেন না অনেকে। তখন পুঁজি হারিয়ে ব্যবসা ছেড়ে দিতে বাধ্য হন। নতুন করে যোগ হয়েছে করোনার প্রভাব। গত বছর বাংলাদেশে করোনা সংক্রমণের পর অনেক খুচরা ও পাইকারি প্রতিষ্ঠান নিঃস্ব হয়ে গেছে।

জানতে চাইলে বিবিএসের উপপরিচালক আজিজা রহমান প্রথম আলোকে বলেন, গত এক দশকে খুচরা ও পাইকারি প্রতিষ্ঠানের সংখ্যা কমলেও এই খাতে কর্মসংস্থান বেড়েছে। জিডিপিতে এই খাতের অবদানও যথেষ্ট বেড়েছে।

বিবিএসের জরিপের ফলাফলে দেখা গেছে, দেশে এখন খুচরা ও পাইকারি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত আছেন ১ কোটি ৪১ লাখ ৪৭ হাজার ৫৩ জন। এর মধ্যে পুরুষ ১ কোটি ৩৯ লাখ ১৫ হাজার ৬৪ জন, আর নারী ২ লাখ ৩১ হাজার ৮৯ জন। এক দশক আগে খুচরা ও পাইকারি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত ছিলেন ৫২ লাখের মতো মানুষ। অর্থাৎ এক দশকে এই পেশায় কর্মসংস্থান বেড়েছে প্রায় তিন গুণ।

জরিপে দেখা গেছে, ২০১৯-২০ অর্থবছরে খুচরা ও পাইকারি প্রতিষ্ঠান খাত মোট দেশজ উৎপাদনে (জিডিপি) মূল্য সংযোজন করেছে ৩ লাখ ২৯ হাজার ৫২০ কোটি টাকা। ১০ বছর আগে এই খাত থেকে মূল্য সংযোজন হয়েছিল ৩৮ হাজার ৫৩০ কোটি টাকা।

এদিকে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন প্রথম আলোকে বলেন, এটা ঠিক, গত এক দশকে অনেক খুচরা ও পাইকারি প্রতিষ্ঠান বন্ধ হয়েছে। কারণ, পণ্যের দামে ওঠানামার মধ্যে অনেকে পুঁজি হারিয়ে ব্যবসা ছেড়েছেন।