চামড়াশিল্প নিয়ে আয়োজিত সেমিনারে বক্তারা
১০ বছরে চামড়াপণ্যের রপ্তানি ১৬০০ কোটি ডলার করা সম্ভব

আগামী ১০ বছরে চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি এক হাজার ৬০০ কোটি ডলারে নিয়ে যাওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন চামড়া খাতের দেশীয় উদ্যোক্তারা।
এ-খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বর্তমানে বিশ্বে চামড়া ও চামড়াজাত পণ্যের বাজার প্রায় ২১ হাজার ৫০০ কোটি ডলারের। এই বাজারে বাংলাদেশি পণ্য যায় ১ শতাংশের কম। সবচেয়ে বড় রপ্তানিকারক চীনে শ্রমিকের মজুরি বেড়ে গেছে। পাশাপাশি ইউরোপের বাজারে দেশটির জুতাসহ চামড়াজাত পণ্যের ওপর অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপ করা হয়েছে। আর এটি বাংলাদেশের চামড়াজাত পণ্যের জন্য বিরাট সুযোগ। এ সুযোগ কাজে লাগিয়েই রপ্তানি বাড়ানো সম্ভব।
চামড়াশিল্প নিয়ে আয়োজিত এক সেমিনারে এসব বক্তব্য উঠে এসেছে। রাজধানীর একটি হোটেলে গতকাল রোববার এ সেমিনারের আয়োজন করে যৌথভাবে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এবং বেসরকারি প্রতিষ্ঠান আরএমএম লেদার ইন্ডাস্ট্রিজ।
অনুষ্ঠানে আরএমএম লেদারের ব্যবস্থাপনা পরিচালক অনিরুদ্ধ কুমার রায় বলেন, বিশ্ববাজারে মোট প্রক্রিয়াজাত চামড়ার দশমিক ৯৫ শতাংশ, জুতার দশমিক ৩২ শতাংশ এবং চামড়াজাত পণ্যের দশমিক ০৬ শতাংশ যায় বাংলাদেশ থেকে। বিশ্বে বছরে দুই হাজার ১০০ কোটি জোড়া জুতার চাহিদা। এর ৬১ শতাংশই সরবরাহ করে চীন। কিন্তু সে দেশে শ্রমিকের মজুরি ৩০ থেকে ৫০ শতাংশ বেড়ে যাওয়া, চীনের জুতার ওপর ইউরোপীয় ইউনিয়নের অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপ, ডলারের বিপরীতে চীনের মুদ্রার মান বেড়ে যাওয়ায় চীনের চামড়াশিল্প বাংলাদেশ, ভিয়েতনাম, কম্বোডিয়া, পাকিস্তান, ভারত ও মিয়ানমারে স্থানান্তর হওয়ার সুযোগ এসেছে। চীনের বাজারের ১০ শতাংশও যদি ধরা যায়, তাহলে দেশের চামড়াজাত পণ্যের বর্তমান ১০০ কোটি ডলারের রপ্তানি এক হাজার ৬০০ কোটি ডলারে উন্নীত করা সম্ভব।
বাণিজ্যসচিব মাহবুব আহমেদও জানালেন, এক হাজার ৬০০ কোটি ডলার চামড়াজাত পণ্য রপ্তানির যে লক্ষ্যমাত্রার কথা বলা হয়েছে, তা অর্জন করা সম্ভব।
একই সুর ইপিবির ভাইস চেয়ারম্যান শুভাশীষ বসুর৷ তিনি বলেন, চামড়াজাত পণ্য রপ্তানিতে বাংলাদেশ বিশ্ব বাজারের দশমিক ৪৬ শতাংশ দখল করতে পেরেছে। ব্যবসাবান্ধব পরিবেশে চলমান রপ্তানি বাণিজ্য সম্প্রসারণমূলক কার্যক্রম এবং ব্যবসায়ীদের প্রচেষ্টায় বিশ্ববাজারের অনেক বড় অংশই দখল করা সম্ভব।
সেমিনারে জানানো হয়, দেশের ২২০টি চামড়াশিল্প প্রতিষ্ঠানে বছরে ২০ কোটি বর্গফুট প্রস্তুত চামড়া উৎপাদিত হয়। এসব চামড়া দেশীয় শিল্পে ব্যবহৃত হওয়ার পাশাপাশি রপ্তানিও হচ্ছে। ২০০৯-১০ অর্থবছরে চামড়াজাত পণ্য রপ্তানি হয়েছিল ৪৫ কোটি ৯২ লাখ ডলারের, গত অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় ৯৮ কোটি ডলারে। আর চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে দেশে প্রথমবারের মতো চামড়া রপ্তানি ১০০ কোটি ডলার ছািড়য়েছে (১০৬ কোটি ৪৯ লাখ ডলার)। দেশের সামগ্রিক রপ্তানিতেও চামড়াজাত পণ্যের অবদান বাড়ছে। ২০০৯-১০ অর্থবছরে মোট রপ্তানির ২ দশমিক ৮৩ শতাংশ এসেছিল এ খাত থেকে, চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ৪ দশমিক ৩১ শতাংশে।
অনিরুদ্ধ কুমার রায় বলেন, বিশ্বের বিভিন্ন উন্নত দেশ বাংলাদেশ থেকে চামড়া আমদানি করে নিজেদের দেশে জুতা প্রস্তুত করে তা রপ্তানি করে থাকে। কিন্তু এ দেশ থেকে চামড়া আমদানিতে শুল্কমুক্ত সুবিধা থাকার পরও কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) না থাকায় এ সুবিধা কাজে লাগানো যাচ্ছে না।
বাংলাদেশ শিল্প ও বিজ্ঞান গবেষণা সংস্থার (বিসিএসআইআর) চেয়ারম্যান এ আই মোস্তফা বলেন, চামড়াশিল্পের ১২০ থেকে ১৮০ ধরনের রাসায়নিক পদার্থের প্রয়োজন হয়। সে কারণে এ শিল্পে পরিবেশ দূষণও হয় বেশি।
সেমিনারের প্রধান অতিথি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, সাভারে পরিবেশবান্ধব চামড়া শিল্পনগর গড়ে তোলা হচ্ছে। হাজারীবাগ থেকে দ্রুত ট্যানারি স্থানান্তরে উদ্যোক্তাদের আহ্বান জানান তিনি।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, দেশের চামড়াপণ্যের বড় বাজার জাপানে রপ্তানি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শিগগিরই জাপান যাচ্ছেন। তখন তিনি এ বিষয়েও আলোচনা করবেন। তিনি বলেন, উদ্যোক্তারা যেন নিজেরাই নতুন বাজার সৃষ্টিতে উৎসাহী হন, সে জন্য প্রয়োজনে পণ্য রপ্তানিতে আরও নগদ সহায়তা দেওয়া হবে।
পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু চামড়াশিল্পমালিকদের সতর্ক করে দিয়ে বলেন, ‘শিল্প করলে সঠিকভাবে করবেন, না হলে বন্ধ হয়ে যাবে। কোনো ছাড় দিতে চাই না।’
বৈশ্বিক বাজার
২১ হাজার ৫০০ কোটি ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য কেনাবেচা হয়
বাংলাদেশের হিস্যা
বিশ্ব বাজারে বাংলাদেশের হিস্যা
১ শতাংশেরও কম
বর্তমান চিত্র
চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে ১০৬ কোটি ডলারের বেশি রপ্তানি
সম্ভাবনা
চীনের চামড়াশিল্প বাংলাদেশসহ কয়েকটি দেশে স্থানান্তরের সুযোগ তৈরি হয়েছে