
দেশের বিদ্যুৎ খাতে বড় প্রকল্পে অর্থায়নই এখন বড় সমস্যা। লক্ষ্য অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন করতে হলে আগামী ১০ বছরে প্রায় আড়াই হাজার কোটি ডলার বিনিয়োগ করতে হবে। এ অর্থ দেশীয় উৎস থেকে নেওয়া সম্ভব নয়। বিদেশ থেকে সংগ্রহ করলে বিদ্যুৎ খাতে বিদেশি ঋণের পরিমাণ দাঁড়াবে বাংলাদেশের এখনকার মোট দায়ের সমান।
বড় বিদ্যুৎ প্রকল্পের অর্থায়নের চ্যালেঞ্জ নিয়ে আয়োজিত এক সেমিনারে বক্তারা এসব কথা বলেছেন। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) গতকাল শনিবার তাদের কার্যালয়ে এ সেমিনারের আয়োজন করে।
সংগঠনটির সভাপতি হোসেন খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমান।
অনুষ্ঠানে ব্যবসায়ীরা অর্থনীতিকে এগিয়ে নিতে বিদ্যুৎ-গ্যাস নিশ্চিত করার তাগিদ দেন। এ ছাড়া জ্বালানির বিদেশি উৎসের পাশাপাশি কয়লার মতো দেশি উৎসের দিকে নজর দিতে অনুরোধ জানান।
হোসেন খালেদ বলেন, বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা অত্যন্ত প্রবল। এ দেশ এশিয়ার উৎপাদনের কেন্দ্রে পরিণত
হবে। বাংলাদেশে সবচেয়ে কম খরচে পণ্য উৎপাদন করা যাবে। এখন দরকার জ্বালানির জোগান নিশ্চিত করা।
অনুষ্ঠানে জ্বালানি খাতে অর্থায়ন নিয়ে একটি উপস্থাপনা তুলে ধরেন বিদ্যুৎ বিভাগের সাবেক সচিব এম ফাওজুল কবির। তিনি বলেন, স্থানীয় ঋণদাতারা বৈদেশিক মুদ্রায় ঋণ দিতে পারে না। পাশাপাশি তারা দীর্ঘ মেয়াদে ও বড় ‘গ্রেস পিরিয়ডে’ ঋণ দিতে অক্ষম।
অর্থায়নের ক্ষেত্রে ‘স্পনসর’ কোম্পানির আর্থিক সক্ষমতা, জমি, পূর্ব অভিজ্ঞতা, বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর নীতিমালা অনুসরণ করা, প্রকল্পের পরিবেশগত বিষয়, ঝুঁকি ভাগাভাগি ইত্যাদিকে চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন এম ফাওজুল কবির। তিনি বলেন, পরিবেশগত মান রক্ষা না করলে বিদেশি বাণিজ্যিক ব্যাংক ঋণ দেবে না।
উল্লেখ্য, ২০২১ সাল নাগাদ সরকার দেশের বিদ্যুৎ উৎপাদনক্ষমতা ২৪ হাজার মেগাওয়াটে উন্নীত করার লক্ষ্য ঠিক করেছে, যা এখন সাড়ে ১২ হাজার মেগাওয়াট।
আড়াই হাজার কোটি ডলার বিনিয়োগের প্রাক্কলনের কথা উল্লেখ করেন আর্থিক প্রতিষ্ঠান রিভারস্টোন ক্যাপিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফ আহমেদ। তিনি বলেন, এ বিপুল অর্থায়নের জন্য সাড়ে ৪ শতাংশের চেয়ে কম সুদে ঋণ শুধু সাহায্য সংস্থার কাছ থেকে পাওয়া যাবে। বাণিজ্যিকভাবে বিদেশি ঋণ নিতে হলে লাইবরের (লন্ডন আন্তব্যাংক লেনদেনে সুদের হার) চেয়ে ৫ থেকে ৬ শতাংশ বেশি সুদ দিতে হবে।
বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফিন্যান্স ফান্ডের নির্বাহী পরিচালক এস এম ফরমানুল ইসলাম বলেন, লাইবরের হার ১৫-২০ বছর ধরে এখনকার মতো থাকবে না, তা বেড়েও যেতে পারে।অনুষ্ঠানে সৌরবিদ্যুৎ, বাসাবাড়িতে গ্যাস সংযোগ, বিনিয়োগে এক দরজায় সেবা বা ওয়ান স্টপ সার্ভিস সেন্টার ও কয়লা উত্তোলনের মতো কিছু বিষয় আলোচনায় আসে।
ঢাকা চেম্বারের সাবেক সভাপতি রাশেদ মাকসুদ খান বলেন, বাসাবাড়িতে যেসব সৌরবিদ্যুৎ প্যানেল বসানো হয়েছিল, সেগুলোর বেশির ভাগ এখন অচল।
এনার্জি প্যাকের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ূন রশিদ বলেন, কয়লা আমদানি এখনকার জন্য সমাধান। তবে ১০-১৫ বছর পরে স্থানীয় কয়লা দিয়ে চলার বিষয়টি ভাবতে হবে।
অনুষ্ঠানে আসা আলোচনার প্রায় প্রতিটি বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মসিউর রহমান। তিনি বলেন, বিদ্যুতের দাম নাগালে রাখতে হবে। এ দাবির পক্ষে যুক্তি আছে। আবার বিদ্যুতের দাম সঠিকও হতে হবে, নইলে এখানে সরকারি-বেসরকারি বিনিয়োগ পাওয়া কঠিন হবে। এমনকি বিদেশিরাও আসতে চাইবে না।
অর্থায়নের ক্ষেত্রে তিনি বিমা খাতের অর্থ ব্যবহার করার পরামর্শ দিয়ে বলেন, বিমা কোম্পানিগুলো দীর্ঘ মেয়াদে বিনিয়োগ করতে পারবে। সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) আইন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে তা সহজ করার বদলে বাধা তৈরি করছে বলেও মন্তব্য করেন তিনি।
উপদেষ্টার আগে দেওয়া বক্তব্যে জ্বালানি মন্ত্রণালয়ের পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেইন বলেন, অর্থায়নের ক্ষেত্রে বিভিন্ন উৎস ঠিক করা হয়েছে। এ ক্ষেত্রে সমস্যা হবে না।
ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানির ভাইস প্রেসিডেন্ট তানভীর এ সিদ্দিকী বলেন, অর্থায়নের অনেক উৎস আছে। কোম্পানিগুলোকে তা ধরতে হবে।
অনুষ্ঠানে পরিকল্পনা সচিব তারিক-উল-ইসলাম বক্তব্য দেন। শেষে সবাইকে ধন্যবাদ জানান ডিসিসিআইয়ের সহসভাপতি হুমায়ুন রশিদ।