আগামী ২০১১-১২ অর্থবছরের জন্য ৪৬ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) প্রস্তাব আপাতত রয়েছে। তবে এডিপির পরিমাণ আরও বাড়তে পারে বলে সূত্রগুলো জানাচ্ছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুসারে প্রস্তাবিত এডিপির মধ্যে ৭৩ শতাংশ বরাদ্দ পাচ্ছে ১০টি মন্ত্রণালয় ও বিভাগ।সম্প্রতি ৫৩টি মন্ত্রণালয় ও বিভাগের জন্য আলাদা বরাদ্দের কথা উল্লেখ করে পরিকল্পনা মন্ত্রণালয়ে এ প্রস্তাব পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়।চলতি ২০১০-১১ অর্থবছরের মূল উন্নয়ন কর্মসূচির চেয়ে আগামী বছরের প্রস্তাবিত এই এডিপি সাত হাজার ৫০০ কোটি টাকা বেশি। তবে চলতি বছরের সংশোধিত এডিপি থেকে তা হবে ১০ হাজার ৮৭০ কোটি টাকা বেশি।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে গত মার্চে সচিবালয়ে অনুষ্ঠিত সম্পদ কমিটির এক বৈঠকে আগামী অর্থবছরের জন্য এই ৪৬ হাজার কোটি টাকার এডিপির সুপারিশ করা হয়। এর মধ্যে ২৭ হাজার ৩১৫ কোটি টাকা থাকবে স্থানীয় মুদ্রায়। আর প্রকল্পের সাহায্য হিসাবে আসবে ১৮ হাজার ৬৮৫ কোটি টাকা।এসব সুপারিশের আলোকে গত ২৬ এপ্রিল মন্ত্রণালয়ভিত্তিক আলাদা বরাদ্দের প্রস্তাব করে অর্থ বিভাগ। প্রস্তাবটি আগামী সপ্তাহে জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠকে উঠানো হবে বলে জানা গেছে।সূত্র জানায়, বড় কোনো কাটছাঁট না করে পরিকল্পনা কমিশন বর্তমানে ওই প্রস্তাবই চূড়ান্ত করার কাজ করছে।অর্থ বিভাগের প্রস্তাব বিশ্লেষণে দেখা যায়, মোট এডিপির ৩৩ হাজার ৫৯০ কোটি টাকা বা ৭৩ শতাংশ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে ১০টি বড় মন্ত্রণালয় ও বিভাগের জন্য। বাকি ৪৩টি মন্ত্রণালয় ও বিভাগের জন্য বরাদ্দ রয়েছে মাত্র ১২ হাজার ৪১০ কোটি টাকা।একক সংস্থা হিসেবে সবচেয়ে বেশি অর্থের বরাদ্দ করা হচ্ছে স্থানীয় সরকার বিভাগের জন্য। এডিপির ২১ শতাংশ অর্থাৎ নয় হাজার ৫৫৫ কোটি টাকা এ বিভাগকে বরাদ্দ দেওয়ার কথা বলা হয়েছে। চলতি অর্থবছরের সংশোধিত এডিপিতে স্থানীয় সরকার বিভাগের জন্য বরাদ্দ রয়েছে সাত হাজার ৭৫২ কোটি টাকা। সে হিসাবে সংশোধিত এডিপি থেকে এ বিভাগের জন্য বেশি প্রস্তাব করা হয়েছে এক হাজার ৮০৩ কোটি টাকা।দ্বিতীয় সর্বোচ্চ সাত হাজার ১৫২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে বিদ্যুৎ বিভাগের জন্য। চলতি অর্থবছরেও এই বিদ্যুৎ বিভাগের জন্য দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ ছিল। তবে এ খাতে বর্তমান অর্থবছরের সংশোধিত এডিপি পাঁচ হাজার ১৭ কোটি টাকার চেয়ে আগামীবারের বরাদ্দের প্রস্তাব দুই হাজার ১৩৮ কোটি টাকা বেশি।তৃতীয় সর্বোচ্চ চার হাজার ৫৮৬ কোটি টাকা প্রস্তাব করা হয়েছে সড়ক ও রেলপথ বিভাগের জন্য। চলতি অর্থবছরের সংশোধিত এডিপিতে এ খাতের বরাদ্দ তিন হাজার ৫০৮ কোটি টাকা।চতুর্থ সর্বোচ্চ বরাদ্দ আসছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য। প্রস্তাব করা হয়েছে তিন হাজার ৫১২ কোটি টাকা। চলতি অর্থবছরের সংশোধিত এডিপি অনুযায়ী এ মন্ত্রণালয়ের বরাদ্দ তিন হাজার ৫৬ কোটি টাকা।পঞ্চম সর্বোচ্চ তিন হাজার ৫০০ কোটি টাকা প্রস্তাব করা হয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের জন্য। এ বছরের সংশোধিত এডিপিতে এ খাতের জন্য রয়েছে দুই হাজার ৭৩৭ কোটি টাকা।বড় ১০টি মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের জন্য প্রস্তাব করা হয়েছে তিন হাজার ১৪৫ কোটি টাকা। বর্তমান অর্থবছরের সংশোধিত এডিপিতে এ খাতে বরাদ্দ রয়েছে এক হাজার ৭১৭ কোটি টাকা। পানিসম্পদ মন্ত্রণালয়ের জন্য প্রস্তাব করা হয়েছে এক হাজার ৫৬২ কোটি টাকা। সংশোধিত এডিপিতে এ মন্ত্রণালয়ের বরাদ্দ এক হাজার ৪০৪ কোটি টাকা রয়েছে।সেতু বিভাগের জন্য প্রস্তাব করা হয়েছে এক হাজার ৫৪৫ কোটি টাকা। সংশোধিত এডিপিতে চলতি অর্থবছরে এ বিভাগের জন্য আছে এক হাজার ১০৫ কোটি টাকা।জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের জন্য প্রস্তাব করা হয়েছে এক হাজার ১১৪ কোটি টাকা। এ বিভাগে চলতি অর্থবছরের সংশোধিত এডিপিতে বরাদ্দ রয়েছে এক হাজার ৭১ কোটি টাকা।কৃষি মন্ত্রণালয়ের জন্য প্রস্তাব করা হয়েছে এক হাজার ৬৪ কোটি টাকা। সংশোধিত এডিপিতে বরাদ্দ এক হাজার ৪৮ কোটি টাকা থেকে তা মাত্র ১৬ কোটি টাকা বেশি।আগামী অর্থবছর থেকে দেশের সবচেয়ে বড় ও ব্যয়বহুল ২১ হাজার কোটি টাকা ব্যয়ের পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হবে। এই সেতুসহ সেতু বিভাগের জন্য বরাদ্দের প্রস্তাব রয়েছে মাত্র দেড় হাজার কোটি টাকা। এত কম বরাদ্দ কেন, জানতে চাইলে সেতু বিভাগের শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে জানান, আগামী অক্টোবরের আগে পদ্মা সেতু প্রকল্পের কাজ শুরু করা সম্ভব হবে না। তাই আপাতত বরাদ্দ কমের প্রস্তাব নেওয়া হচ্ছে। তা ছাড়া উন্নয়ন-সহযোগীদের কাছে চাইলেই এই সেতুর জন্য অর্থ পাওয়া যাবে। তখন বরাদ্দ বাড়ানো হবে।অর্থ বিভাগের প্রস্তাবে আরও বলা হয়েছে, দেড় হাজার কোটি টাকার মতো থোক বরাদ্দ রাখা হবে পরিকল্পনা বিভাগের অনুকূলে। পদ্মা সেতু প্রকল্প, নদী খনন এবং অন্যান্য জনগুরুত্বপূর্ণ নতুন প্রকল্পের জন্য এ অর্থ ব্যয় করা হবে।এদিকে পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) সংশোধিত এডিপির ৬০ শতাংশ বাস্তবায়ন হয়েছে। শতভাগ এডিপি বাস্তবায়ন করতে চলতি মে ও আগামী জুন মাসে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগকে ব্যয় করতে হবে বাকি ৪০ শতাংশ বা ১৪ হাজার ২২১ কোটি টাকা।