১০ মাস পর স্থায়ীভাবে নতুন সিজিএ
শেষ পর্যন্ত হিসাব মহানিয়ন্ত্রকের (সিজিএ) কার্যালয়ে অচলাবস্থার অবসান হয়েছে। ১০ মাস পর সিজিএ পদে স্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন বাণিজ্যিক অডিট অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. মোসলেম উদ্দিন। অর্থ মন্ত্রণালয় এ বিষয়ে গত সোমবার একটি অফিস আদেশ দেয়। গতকাল বুধবার থেকে তা কার্যকর হয়। নতুন সিজিএ গতকাল কর্মস্থলে যোগ দিয়েছেন। মোসলেম উদ্দিন স্থলাভিষিক্ত হয়েছেন ফিন্যানশিয়াল ম্যানেজমেন্ট অ্যাকাডেমির (ফিমা) ডিজি আবুল কাশেমের। সিজিএ কার্যালয় সূত্রে জানা গেছে, সরকারের আয়-ব্যয়ের তথ্য পাওয়া যায় যে সিজিএ কার্যালয় থেকে, সেখানে ১০ মাস ধরে অচলাবস্থা বিরাজ করছিল। বিদায়ী সিজিএ সাহাদ চৌধুরীর চুক্তির মেয়াদ শেষ হয় গত ১৫ জানুয়ারি। কিন্তু ছয় মাস পর্যন্ত এ পদ খালি পড়ে থাকে। সাড়ে ছয় মাস শূন্য থাকার পর গত ২৯ জুলাই অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মইনুল ইসলামকে তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে এখানে নিয়োগ দেয় অর্থ মন্ত্রণালয়। কিন্তু মূল দায়িত্বের ব্যস্ততার কারণে মইনুল ইসলাম অফিস করতে পেরেছেন মাত্র এক দিন। কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে সেভাবে স্বাগতও জানাননি। স্থায়ী কাউকে নিয়োগ না দেওয়ায় সংস্থাটির দাপ্তরিক কাজে শুধু বিঘ্ন সৃষ্টি নয়, হতাশা বিরাজ করছিল কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে। কারণ, সিজিএ কার্যালয়ের সাংগঠনিক কাঠামো অনুযায়ী হিসাব মহানিয়ন্ত্রকের পদটি নিজস্ব পদ এবং অতিরিক্ত সচিব পদমর্যাদার। তাঁদের মতে, এ পদে নিয়োগ পাওয়ার মতো অন্তত চারজন মহাপরিচালক এ কার্যালয়েই রয়েছেন। বিসিএস অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সমিতি, অডিট পরিষদ, অডিট অ্যান্ড অ্যাকাউন্টস কর্মকর্তা পরিষদ ও অডিট অ্যান্ড অ্যাকাউন্টস কর্মচারী পরিষদ সম্মিলিতভাবে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) আহমেদ আতাউল হাকিমের কাছে একটি স্মারকলিপি জমা দেয়। এতে সিজিএ পদে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডারের কোনো কর্মকর্তাকে নিয়োগ দেওয়ার দাবি জানানো হয়। অচলাবস্থা নিরসনে তখন এগিয়ে আসেন আহমেদ আতাউল হাকিম। গত ২৮ আগস্ট তিনি নিজেই এক আদেশে সিজিএ পদে নিয়োগ দেন ফিমার ডিজি আবুল কাশেমকে। কিন্তু এটাও অতিরিক্ত দায়িত্ব।ওই দিন আহমেদ আতাউল হাকিম সাংবাদিকদের বলেছিলেন, অর্থ মন্ত্রণালয় যে নিয়োগ দিয়েছে তা যথাযথ হয়নি। কারণ, এটি অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডারের তফসিলভুক্ত পদ। অর্থ বিভাগের উপসচিব শাহীন মাহবুবা স্বাক্ষরিত নতুন সিজিএ নিয়োগ অবশ্য অর্থ মন্ত্রণালয়ই দিয়েছে।