১০ মাসে প্রবাসী-আয় বেড়েছে ৭ শতাংশ

চলতি অর্থবছরে রেমিট্যান্স বা প্রবাসী-আয়ে ভালো প্রবৃদ্ধি বজায় থাকছে। অর্থবছরের জুলাই-এপ্রিল—এই ১০ মাসে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা ১ হাজার ২৫৫ কোটি ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়েছেন।
আগের অর্থবছরের (২০১৩-১৪) একই সময়ে প্রবাসীরা পাঠিয়েছিলেন ১ হাজার ১৭২ কোটি ডলারের বৈদেশিক মুদ্রা। অর্থাৎ প্রবৃদ্ধির হার বর্তমানে ৭ দশমিক শূন্য ৫ শতাংশ।
আর ২০১৩-১৪ অর্থবছরের ১০ মাসে প্রবাসীদের পাঠানো আয় তার আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৭৮ শতাংশ কম ছিল।
চলতি বছর সামগ্রিকভাবে প্রবাসী-আয়ে ইতিবাচক প্রবাহ বজায় থাকলেও একক মাস হিসেবে মার্চের তুলনায় গত এপ্রিল মাসে রেমিট্যান্স কিছুটা কমেছে। এপ্রিল মাসে প্রবাসী-আয় এসেছে ১২৯ কোটি ডলার। মার্চ মাসে এসেছিল ১৩৪ কোটি ডলার। এ হিসেবে এপ্রিলে রেমিট্যান্স কমেছে ৫ কোটি ডলার বা প্রায় ৪ শতাংশ। অবশ্য আগের বছরের এপ্রিলের তুলনায় এবার আয় বেড়েছে। আগের বছরের এপ্রিলে ১২৩ কোটি ডলারের প্রবাসী-আয় দেশে আসে।
রেমিট্যান্স প্রবাহ ও রপ্তানি আয়ে ভালো প্রবৃদ্ধি এবং সাম্প্রতিক বছরগুলোতে আমদানি ব্যয় কম হওয়ায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ক্রমশ বাড়ছে। বিশ্ববাজারে বিভিন্ন পণ্য বিশেষত জ্বালানি তেলের দাম কমে যাওয়ায় সাম্প্রতিক সময়ে আমদানি ব্যয় কমেছে। এ অবস্থায় গত ২৮ এপ্রিল দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রথমবারের মতো ২ হাজার ৪০০ কোটি ডলারের নতুন রেকর্ড তৈরি করে। বৈদেশিক মুদ্রার এ রিজার্ভ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। এ পরিমাণ অর্থ দিয়ে বাংলাদেশের সাত মাসের বেশি আমদানি দায় মেটানো সম্ভব।
সার্কভুক্ত দেশগুলোর রিজার্ভের দিক থেকে প্রথম অবস্থানে রয়েছে ভারত। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার তথ্য অনুসারে ২৪ এপ্রিল ভারতের রিজার্ভ ছিল ৩৪ হাজার ৩০০ কোটি ডলার। তার পরই বাংলাদেশ। আর তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তান। স্টেট ব্যাংক অব পাকিস্তানের তথ্য অনুসারে, ১৭ এপ্রিল পাকিস্তানের রিজার্ভ ছিল ১ হাজার ৭০০ কোটি ডলার।