১০ মাসে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি ২০১১-১২ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) পণ্য রপ্তানি থেকে আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। এর ফলে অর্থবছর শেষে উচ্চহারে রপ্তানি প্রবৃদ্ধি অর্জন ছাড়া বার্ষিক লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কা প্রকট হচ্ছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত তথ্যানুসারে, চলতি অর্থবছরে বার্ষিক রপ্তানির মোট লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে দুই হাজার ৬৫০ কোটি ডলার। কিন্তু অর্থবছরের প্রথম ১০ মাসে পণ্য রপ্তানিতে আয় হয়েছে এক হাজার ৯৭৭ কোটি ৭০ লাখ ডলার। এখন লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে শেষ দুই মাসে (মে-জুন) মোট ৬৭২ কোটি ডলারের পণ্য রপ্তানি করতে হবে।এই অর্থবছরের প্রথম ১০ মাসে দুই হাজার ১২৬ কোটি ৩৬ লাখ মার্কিন ডলারের লক্ষ্যমাত্রার বিপরীতে পণ্য রপ্তানিতে আয় হয়েছে এক হাজার ৯৭৭ কোটি ৭০ লাখ ডলার। সেই হিসাবে লক্ষ্যমাত্রার চেয়ে রপ্তানি আয় ৭ শতাংশ কম হয়েছে। তবে গত ২০১০-১১ অর্থবছরের একই সময়ে রপ্তানি হয়েছে এক হাজার ৮২৪ কোটি ৩২ লাখ ডলারের পণ্য, যাতে রপ্তানি আয় বেড়েছে ৮ দশমিক ৪১ শতাংশ।আবার শুধু এপ্রিলে রপ্তানি থেকে আয় হয়েছে মাত্র ১৮৯ কোটি ডলার, যা ওই সময়ের ২২০ কোটি ডলারের লক্ষ্যমাত্রার চেয়ে ১৪ দশমিক ২৩ শতাংশ এবং গত বছরের একই সময়ের রপ্তানি আয়ের চেয়ে ৭ দশমিক ১৩ শতাংশ কম। চলতি বছরের ফেব্রুয়ারি ও মার্চে এই আয় হয়েছিল যথাক্রমে ১৯৭ কোটি ৯৩ লাখ ও ১৯৮ কোটি ২২ লাখ ডলার।আলোচ্য সময়ে নিট পোশাক, কাঁচা পাট ও পাটজাত পণ্য, হিমায়িত খাদ্য, পাদুকা, টেরিটাওয়েল, কার্পেট, কাঠ ও কাঠজাত পণ্য, শাকসবজি, হোম টেক্সটাইল, রাবার, রাসায়নিক সারসহ বেশ কিছু প্রধান পণ্য রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে। এর ফলে সামগ্রিকভাবে পণ্য রপ্তানিতে চলতি অর্থবছরের প্রথম ১০ মাসের লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব হয়নি। আলোচ্য সময়কালে রপ্তানি আয়ের শীর্ষে রয়েছে নিট পোশাক খাত। এই খাত থেকে রপ্তানি আয় হয়েছে ৭৬৯ কোটি ডলার, যা লক্ষ্যমাত্রার চেয়ে ১১ দশমিক ২০ শতাংশ কম। তবে গত অর্থবছরের একই সময়ের চেয়ে ২ দশমিক ৯৯ শতাংশ বেশি। দ্বিতীয় স্থানে আছে ওভেন পোশাক খাত। খাতটি থেকে রপ্তানি আয় হয়েছে ৬৬৯ কোটি ৮৫ লাখ ডলার, যা আগের বছরের একই সময়ের চেয়ে ১৬ দশমিক ৯০ শতাংশ বেশি। কিন্তু এবারের লক্ষ্যমাত্রার চেয়ে ২ শতাংশ বেশি।