১০ মাসে লক্ষ্যমাত্রার ৮৩ শতাংশ কৃষিঋণ বিতরণ
চলতি ২০১২-১৩ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) দেশে ১১ হাজার ৭৪০ কোটি ১৬ লাখ টাকার কৃষিঋণ বিতরণ করা হয়েছে। এটি এ বছরের কৃষিঋণ বিতরণ লক্ষ্যমাত্রার ৮৩ শতাংশ।চলতি অর্থবছরে সরকার কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ১৪ হাজার ১৩০ কোটি টাকা।কৃষিঋণের আওতায় দুই ধরনের খাতে ঋণ দেওয়া হয়। একটি হলো শস্য খাতের ঋণ এবং অন্যটি অকৃষি পল্লিঋণ।চলতি অর্থবছরে এখন পর্যন্ত প্রত্যক্ষ কৃষি খাতে বা শস্য খাতে ঋণ দেওয়া হয়েছে ১০ হাজার ৪৩৫ কোটি ৫৭ লাখ টাকা। আর এক হাজার ৩০৪ কোটি ৫৯ লাখ টাকার অকৃষি পল্লিঋণ বিতরণ করা হয়েছে।বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান থেকে দেশের ব্যাংকগুলোর কৃষিঋণ বিতরণের এমন চিত্রই পাওয়া গেছে।এ অবস্থায় লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে ব্যাংকগুলোকে আগামী দুই মাসে মোট দুই হাজার ৩৮৯ কোটি ৮৪ লাখ টাকা বিতরণ করতে হবে। অর্থবছরের শেষ দিকে এসে ব্যাংকগুলোর বেশি পরিমাণে কৃষিঋণ বিতরণের প্রবণতা দেখা যায়। সে দিক থেকে এ বছর কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে ধারণা করা হচ্ছে। কারণ এ বছরের প্রতি মাসে গড়ে এক হাজার ১৭৪ কোটি ১২ লাখ টাকা করে কৃষিঋণ বিরতণ করা হয়েছে।বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের ১০ মাসে বিতরণ হওয়া কৃষিঋণ গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১৫ দশমিক ১০ শতাংশ বেশি। ২০১১-১২ অর্থবছরের একই সময়ে কৃষিঋণ বিতরণের পরিমাণ ছিল ১০ হাজার ২০০ কোটি ২৮ লাখ টাকা।এর মধ্যে শস্যঋণ বিতরণ হয়েছে গত বছরের চেয়ে ১৬ দশমিক ৮৯ শতাংশ বেশি। ২০১১-১২ অর্থবছরের প্রথম ১০ মাসে আট হাজার ৯২৭ কোটি ৩৩ লাখ টাকার শস্যঋণ বিতরণ করা হয়েছিল।অন্যদিকে, এ বছর অকৃষি পল্লিঋণ বিতরণ করা হয়েছে গত বছরের চেয়ে ২ দশমিক ৪৯ শতাংশ বেশি। ২০১১-১২ অর্থবছরের প্রথম ১০ মাসে এক হাজার ২৭২ কোটি ৯৪ লাখ টাকার অকৃষি পল্লিঋণ বিতরণ করা হয়েছিল। এ ঋণ মূলত পল্লি এলাকার গরিব মানুষের উপার্জনক্ষমতা বাড়াতে বিভিন্ন কর্মকাণ্ডের জন্য দেওয়া হয়।বকেয়া ঋণ আদায়: কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে বকেয়া ঋণ আদায় করা হয়েছে ১১ হাজার ৪০৩ কোটি ১৬ লাখ টাকা। এটি গত অর্থবছরের একই সময়ে আদায় করা ঋণের চেয়ে প্রায় ১১ শতাংশ বেশি। গত অর্থবছরের প্রথম ১০ মাসে ১০ হাজার ৭০ কোটি ৮৮ লাখ টাকার বকেয়া ঋণ আদায় হয়।প্রাপ্ত পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, সাম্প্রতিক সময়ে বকেয়া কৃষিঋণ আদায়ের পরিমাণ বেড়েছে।