১০ মাসেই লক্ষ্যমাত্রার দ্বিগুণের বেশি সঞ্চয়পত্র বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংক আমানতের সুদের চেয়েও এখনো দ্বিগুণের বেশি মুনাফা মিলছে সঞ্চয়পত্রে। এ কারণে নতুন অর্থবছরকে সামনে রেখে সঞ্চয়পত্র বিক্রি চাঙা হয়ে উঠেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে অর্থমন্ত্রীর এক ঘোষণা। অর্থমন্ত্রী সম্প্রতি সঞ্চয়পত্রের মুনাফা কমানোর আভাস দিয়েছেন।
আগামী অর্থবছর থেকেই সেই হার কমতে পারে। এ জন্য আগেভাগে সঞ্চয়পত্রে বিনিয়োগ বাড়াতে আগ্রহী হয়ে উঠেছেন সাধারণ মানুষ। তাঁরা সবাই সঞ্চয়পত্র কিনতে কেন্দ্রীয় ব্যাংক, তফসিলি ব্যাংক, ডাকঘর ও জাতীয় সঞ্চয় ব্যুরোতে ভিড় করছেন। এতে করে চলতি অর্থবছরের প্রথম ১০ মাসেই লক্ষ্যমাত্রার দ্বিগুণের বেশি সঞ্চয়পত্র বিক্রি হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ হিসাবে, ব্যাংকগুলোতে আমানতের গড় সুদের হার ৫ শতাংশ। অপরদিকে বিভিন্ন ধরনের সঞ্চয়পত্রের মুনাফার হার ১১ দশমিক ৭৬ শতাংশ পর্যন্ত। চলতি ২০১৬-১৭ অর্থবছরে রাজস্ব ঘাটতি মেটাতে ১৯ হাজার ৬১০ কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল সরকার। যদিও চলতি অর্থবছরের ১০ মাসেই (জুলাই-এপ্রিল) ৪২ হাজার ৯৮ কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে। শুধু এপ্রিল মাসেই বিক্রি হয়েছে ৪ হাজার ৪৯৮ কোটি টাকার সঞ্চয়পত্র। যদিও গত বছরের এপ্রিলে বিক্রি হয়েছিল ৩ হাজার ২৯৯ কোটি টাকার সঞ্চয়পত্র।
সঞ্চয়পত্র কী পরিমাণ বিক্রি করা হবে, এর কোনো লক্ষ্যমাত্রা বা নীতিমালা না থাকায় বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ের নিচতলায় এক মাস ধরে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। একই ধরনের লাইন দেখা যাচ্ছে সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়েও। আগত লোকজনের বেশির ভাগই নতুন করে সঞ্চয়পত্র কিনতে এসেছেন।
বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ের মহাব্যবস্থাপক মাসুম পাটোয়ারী প্রথম আলোকে বলেন, ‘নতুন অর্থবছর আসছে, এ কারণে ভিড় যেকোনো সময়ের তুলনায় একটু বেশি। বেশির ভাগই নতুন করে সঞ্চয়পত্র কিনতে আসছেন। আমরা চেষ্টা করে যাচ্ছি সাধ্যমতো সেবা দেওয়ার।’
গত ২১ মে ঢাকা চেম্বারের নেতাদের সঙ্গে এক বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, সাধারণত ব্যাংক আমানতের সুদের হারের চেয়ে সঞ্চয়পত্রের মুনাফার হার ১ বা ২ শতাংশ বেশি হয়। কিন্তু বাংলাদেশে এই ব্যবধান ৪ শতাংশের বেশি। এই পরিস্থিতি চলতে থাকলে সরকারের ঋণের বোঝা বেড়ে যাবে বলেই সঞ্চয়পত্রের সুদের হার কমানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
সঞ্চয়পত্র বিক্রি ঠেকাতে ২০১৫ সালের ১০ মে সব ধরনের সঞ্চয়পত্রের সুদ হার গড়ে ২ শতাংশ কমানো হয়। এরপরও ২০১৫-১৬ অর্থবছরে ৩৩ হাজার ৬৮৮ কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়। গত ২০১৫-১৬ অর্থবছরের মূল বাজেটে সরকার সঞ্চয়পত্র থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ধরেছিল ১৫ হাজার কোটি টাকা। সংশোধিত বাজেটে তা বাড়িয়ে ২৮ হাজার কোটি টাকা করা হয়।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, সরকার সঞ্চয়পত্রের মুনাফার হার কমানোর উদ্যোগ নিলে ভালো। কারণ, ব্যাংক আমানতের সঙ্গে পার্থক্যটা খুব বেশি হয়ে গেছে। কী পরিমাণ অর্থ সঞ্চয়পত্র বিক্রি থেকে সংগ্রহ করবে, সরকারকে এর লক্ষ্যমাত্রা ঠিক করতে হবে।