১০ লাখ টাকার নগদ লেনদেন হলে তা জানাতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোতে কোনো গ্রাহকের একদিনে ১০ লাখ টাকা বা এর বেশি নগদ অর্থ লেনদেনের তথ্য নিয়মিতভাবে বাংলাদেশ ব্যাংককে জানাতে হবে। পাশাপাশি কোনো লেনদেন সন্দেহজনক মনে হলে সেই তথ্যও পাঠাতে হবে কেন্দ্রীয় ব্যাংকে।
বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট বা বিএফআইইউ থেকে গতকাল মঙ্গলবার জারি করা প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ১ জুন থেকে এ নির্দেশনা কার্যকর হবে বলে জানিয়েছে বিএফআইইউ। মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও সন্ত্রাসবিরোধী আইনের অধীনে এ নির্দেশনা জারি করা হয়েছে। ব্যাংকের বেলায়ও এ ধরনের বিধান চালু রয়েছে।
যদি কোনো আর্থিক প্রতিষ্ঠানে কোনো মাসে এ ধরনের লেনদেনের তথ্য না থাকে তাহলেও নগদ লেনদেনের রিপোর্টযোগ্য কোনো লেনদেন নেই মর্মে বাংলাদেশ ব্যাংককে জানাতে হবে। নগদ ও সন্দেহজনক লেনদেনের সব ধরনের তথ্য ন্যূনতম পাঁচ বছর সংরক্ষণেরও নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, আর্থিক প্রতিষ্ঠানের সন্দেহজনক লেনদেনের তথ্য তাৎক্ষণিকভাবে এবং ১০ লাখ টাকার বেশি নগদ অর্থ লেনদেনের তথ্য মাসিক ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকে পাঠাতে হবে। প্রতি মাসের নগদ লেনদেনের হিসাব পরবর্তী মাসের ২১ তারিখের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের বিএফআইইউতে পাঠাতে হবে।
নির্দেশনা অনুযায়ী, নগদ লেনদেন বলতে আর্থিক প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের অনুকূলে তাদের গ্রাহক বা তৃতীয় পক্ষের সম্পাদিত লেনদেনকে বোঝানো হয়েছে। তবে সরকারি হিসাব, সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের হিসাবে নগদ জমার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকে কোনো প্রতিবেদন দিতে হবে না। কিন্তু এ ধরনের হিসাব থেকে নগদ অর্থ উত্তোলন হলে তা কেন্দ্রীয় ব্যাংককে জানাতে হবে।