সরকারি কেনাকাটা–বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে পরিকল্পনামন্ত্রী
১০ শতাংশ অপচয় কমলে প্রবৃদ্ধি বাড়বে ০.৫ শতাংশ
সরকারি কেনাকাটায় ১০ শতাংশ অপচয় রোধ হলে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি দশমিক ৫ শতাংশ বাড়বে বলে মনে করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি আরও বলেন, সঠিক দামে সরকারি পণ্য কেনার পাশাপাশি পণ্যটি কত দিন টেকসই হবে সেই বিষয়টিও দেখতে হবে। এ ছাড়া ক্রয়কৃত পণ্যটি ব্যবহারে পুরোনো হলে তখন এর বিক্রয়মূল্য কত হবে, তাও বিবেচনায় রাখতে হবে। এতে পণ্য ক্রয়ে অপচয় রোধ হবে।
গতকাল রোববার রাজধানীর ওয়েস্টিন হোটেলে তৃতীয় দক্ষিণ এশীয় আঞ্চলিক সরকারি ক্রয়-সংক্রান্ত তিন দিনের আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। পরিকল্পনা মন্ত্রণালয়ের সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) এ সম্মেলনের আয়োজন করে।
পরিকল্পনামন্ত্রী আরও বলেন, সরকারি ক্রয়ে যে অর্থ ব্যয় হয়, তা করদাতাদের অর্থ। কাজেই জনগণের অর্থ তাদের উন্নয়নে সঠিকভাবে ব্যবহারে আরও দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি দেখাতে হবে। এ জন্য সরকারি ক্রয়ে স্বয়ংক্রিয় পদ্ধতি ব্যবহারের কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ আবদুল মান্নান বলেন, ‘সব সময় একটা কথা শুনতে হয়, জনগণের অর্থ আমরা কীভাবে ব্যয় করছি। এ জন্যই সরকারি কেনাকাটায় স্বয়ংক্রিয় পদ্ধতি অনুসরণ করা হচ্ছে, যাতে জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত হয়।’
বাংলাদেশে বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর মার্টিন রামা জানান, দক্ষিণ এশিয়ায় অবকাঠামো ও জ্বালানি খাতে মোট দেড় লাখ কোটি ডলার বিনিয়োগ লাগবে। আর বাংলাদেশের মোট বাজেটের এক-চতুর্থাংশ ব্যয় হয় কেনাকাটায়। এত বেশি বিনিয়োগে স্বয়ংক্রিয় পদ্ধতিতে কেনাকাটার বিকল্প নেই।
সরকারি ক্রয় কার্যক্রম স্বয়ংক্রিয় করতে সরকারকে সহায়তা দেবে বলে জানান এডিবির কান্ট্রি ডিরেক্টর কাজুহিকো হিগুচি।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব শহীদ উল্লা খন্দকার, সিপিটিইউর মহাপরিচালক ফারুক হোসেন।
এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য হলো—টেকসই ক্রয় কার্য সম্পাদনে উদ্ভাবন। সম্মেলনে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার আটটি দেশের সরকারি ক্রয় কাজে সম্পৃক্ত কর্মকর্তা, ঠিকাদার, সুশীল সমাজের প্রতিনিধিসহ ৫০ জন অংশ নিচ্ছেন।
এর আগে ২০১১ সালে নেপালে প্রথম ও ২০১৪ সালে পাকিস্তানে দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। ‘ঢাকা কর্মপরিকল্পনা’ গ্রহণের মধ্য দিয়ে আগামীকাল সম্মেলন শেষ হবে।