১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ শেয়ার লভ্যাংশ দেবে ব্র্যাক ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ব্র্যাক ব্যাংক লিমিটেড শেয়ারধারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটি ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ শেয়ার লভ্যাংশ দেবে। ব্যাংকটির পক্ষ থেকে আজ রোববার এ ঘোষণা দেওয়া হয়।

আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করেছে। এ-সংক্রান্ত বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১০ এপ্রিল অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ১১ মার্চ।

এদিকে ২০১২ অর্থবছরের চেয়ে ২০১৩ অর্থবছরে ব্র্যাক ব্যাংকের মুনাফা ও শেয়ারপ্রতি আয় বা ইপিএস বেড়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ৩১ ডিসেম্বর পর্যন্ত তাদের কর-পরবর্তী কনসোলিডেটেড মুনাফা হয়েছে প্রায় ১৩৪ কোটি টাকা এবং ইপিএস হয়েছে তিন টাকা ২০ পয়সা। ২০১২ সালের একই সময়ে প্রতিষ্ঠানটির কর-পরবর্তী কনসোলিডেটেড মুনাফা ছিল প্রায় ৭০ কোটি টাকা এবং ইপিএস ছিল এক টাকা ৭৪ পয়সা।
এ দিকে আজ লেনদেনের দুই ঘণ্টা শেষে ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম ২ দশমিক ২৭ শতাংশ বা ৭০ পয়সা কমে লেনদেন চলে ৩০ টাকা ১০ পয়সায়।