১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে বিএসসি
পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি বিএসসি শেয়ারধারীদের জন্য লভ্যাংশ ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। বিএসসির পক্ষ থেকে আজ বৃহস্পতিবার এ ঘোষণা দেওয়া হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, বিএসসির পরিচালনা পর্ষদ গত বছরের ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা দিয়েছে। এ-সংক্রান্ত বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২১ জুন অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ২৮ এপ্রিল।
এদিকে ২০১২ অর্থবছরের চেয়ে ২০১৩ অর্থবছরে বিএসসির মুনাফা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ৩০ জুন পর্যন্ত তাদের নিট মুনাফা হয়েছে এক কোটি ৬৩ লাখ টাকা, যা আগের অর্থবছরের চেয়ে ১৭ লাখ টাকা বেশি। ২০১২ সালে প্রতিষ্ঠানটির মুনাফা হয়েছিল এক কোটি ৪৬ লাখ টাকা। এ ছাড়া গত অর্থবছরে প্রতিষ্ঠানটির ইপিএস হয়েছে এক টাকা ৯৭ পয়সা, যা আগের বছরের চেয়ে ২০ পয়সা বেশি। ২০১২ সালে প্রতিষ্ঠানটির ইপিএস হয়েছিল এক টাকা ৭৭ পয়সা।