১০ শতাংশ শেয়ার লভ্যাংশ দেবে আরডি ফুড
পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের কোম্পানি রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস শেয়ারধারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটি ১০ শতাংশ শেয়ার লভ্যাংশ দেবে। আজ সোমবার প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টসের পরিচালনা পর্ষদ গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করেছে। এ-সংক্রান্ত বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ মে অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ৮ মে।
এদিকে ২০১২ অর্থবছরের চেয়ে ২০১৩ অর্থবছরে রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টসের শেয়ারপ্রতি আয় বা ইপিএস সামান্য কমেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, গত ৩১ ডিসেম্বর পর্যন্ত তাদের ইপিএস হয়েছে ৮৯ পয়সা, যা আগের বছরের চেয়ে ১১ পয়সা কম। ২০১২ সালে প্রতিষ্ঠানটির ইপিএস হয়েছিল ১ টাকা।