১০ শতাংশ শেয়ার লভ্যাংশ দেবে পূবালী ব্যাংক
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি পূবালী ব্যাংক লিমিটেড শেয়ারধারীদের জন্য ১০ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে। পূবালী ব্যাংকের পক্ষ থেকে আজ রোববার এ ঘোষণা দেওয়া হয়।
আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করেছে। এ-সংক্রান্ত বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৫ মার্চ বসুন্ধরা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ১০ মার্চ।
এদিকে ২০১২ অর্থবছরের চেয়ে ২০১৩ অর্থবছরে পূবালী ব্যাংকের শেয়ারপ্রতি আয় বা ইপিএস বেড়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে ৩১ ডিসেম্বর পর্যন্ত তাদের কনসোলিডেটেড ইপিএস হয়েছে দুই টাকা ৯০ পয়সা, যা আগের অর্থবছরের চেয়ে ৯৮ পয়সা বেশি। ২০১২ সালের একই সময়ে প্রতিষ্ঠানটির কনসোলিডেটেড ইপিএস ছিল এক টাকা ৯২ পয়সা।
এ দিকে আজ বেলা দুইটা নাগাদ পূবালী ব্যাংকের শেয়ারের দাম প্রায় ১০ শতাংশ কমে বা তিন টাকা ৫০ পয়সা কমে লেনদেন চলে ৩২ টাকা ৬০ পয়সায়।