১০ শতাংশ শেয়ার লভ্যাংশ দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড শেয়ারধারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটি ১০ শতাংশ শেয়ার লভ্যাংশ দেবে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের পক্ষ থেকে আজ সোমবার এ ঘোষণা দেওয়া হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করেছে। এ-সংক্রান্ত বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১০ এপ্রিল অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ২০ মার্চ।
২০১২ অর্থবছরের চেয়ে ২০১৩ অর্থবছরে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের মুনাফা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ৩১ ডিসেম্বর পর্যন্ত তাদের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৫৭ কোটি টাকা, যা ২০১২ সালের একই সময়ের চেয়ে ২৫ কোটি টাকা বেশি। অন্যদিকে, ইপিএস হয়েছে ২ টাকা ৫ পয়সা, যা আগের বছরের চেয়ে ৭৬ পয়সা বেশি। আগের বছর এই সময়ে প্রতিষ্ঠানের ইপিএস হয়েছিল ১ টাকা ২৯ পয়সা।
দিন শেষে ডিএসইতে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের শেয়ারের দাম প্রায় ৭ শতাংশ বা ১ টাকা ১০ পয়সা বেড়ে ১৭ টাকা ২০ পয়সায় লেনদেন হয়।