১০ শতাংশ শেয়ার লভ্যাংশ দেবে শাহজালাল ইসলামী ব্যাংক
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড শেয়ারধারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটি ১০ শতাংশ শেয়ার লভ্যাংশ দেবে। শাহজালাল ইসলামী ব্যাংকের পক্ষ থেকে আজ রোববার এ ঘোষণা দেওয়া হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করেছে। এ-সংক্রান্ত বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৯ জুন অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ৮ মে।
এদিকে ২০১২ অর্থবছরের চেয়ে ২০১৩ অর্থবছরে শাহজালাল ইসলামী ব্যাংকের শেয়ারপ্রতি আয় বা ইপিএস কমেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ৩১ ডিসেম্বর পর্যন্ত তাদের কনসোলিডেটেড ইপিএস হয়েছে এক টাকা ৯৬ পয়সা, যা আগের বছরের চেয়ে এক টাকা ১৭ পয়সা কম। ২০১২ সালে প্রতিষ্ঠানটির কনসোলিডেটেড ইপিএস হয়েছিল তিন টাকা ১৬ পয়সা।