১০ শতাংশ শেয়ার লভ্যাংশ দেবে সাফকো স্পিনিং
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সাফকো স্পিনিং শেয়ারধারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটি ১০ শতাংশ শেয়ার লভ্যাংশ দেবে। সাফকো স্পিনিংয়ের পক্ষ থেকে আজ সোমবার এ ঘোষণা দেওয়া হয়।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করেছে। এ-সংক্রান্ত বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১২ এপ্রিল অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ২০ মার্চ। লভ্যাংশ ঘোষণার পাশাপাশি ৩: ২ রাইট শেয়ার ঘোষণা করেছে পরিচালনা পর্ষদ।
এদিকে ২০১২ অর্থবছরের চেয়ে ২০১৩ অর্থবছরে সাফকো স্পিনিংয়ের শেয়ারপ্রতি আয় বা ইপিএস বেড়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ৩১ ডিসেম্বর পর্যন্ত তাদের ইপিএস হয়েছে এক টাকা ১৪ পয়সা, যা আগের বছরের চেয়ে নয় পয়সা বেশি। আগের বছর এই সময়ে ইপিএস হয়েছিল এক টাকা পাঁচ পয়সা।
আজ বেলা দুইটায় ডিএসইতে সাফকো স্পিনিংয়ের শেয়ারের দাম প্রায় ১৩ শতাংশ বা তিন টাকা ৫০ পয়সা বেড়ে ৩০ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়।