
ঈদ সামনে রেখে প্রায় ১৭ হাজার কোটি টাকার নতুন নোট বাজারে ছেড়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর মধ্যে ১০ হাজার কোটি টাকার নতুন নোট এবং বাকি সাত হাজার কোটি টাকা পুরোনো নোট রয়েছে। কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, বাজারে চাহিদার কারণে নতুন নোটের সঙ্গে পুরোনো নোটও ছাড়া হয়েছে। ঈদের আগে বৃহস্পতি ও রোববার এই দুই দিনে প্রায় চার হাজার কোটি টাকার নোট সরবরাহ করেছে বাংলাদেশ ব্যাংক। গ্রাহকদের চাহিদামাফিক টাকা সরবরাহের পূর্ণ প্রস্তুতি থাকার কারণে বিপুল পরিমাণ নোট সরবরাহ সম্ভব হয়েছে বলে মনে করছেন বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা। জানা গেছে, রমজান মাসের শুরুর দিকে দৈনিক ৪০০ থেকে ৬০০ কোটি টাকার চাহিদা থাকলেও গত এক সপ্তাহে গড়ে দৈনিক দেড় হাজার কোটি টাকা ছাড়া হয়েছে। এবার ঈদে বাংলাদেশ ব্যাংকের ২১ হাজার কোটি টাকার নোট ছাড়ার প্রস্তুতি ছিল। বৃহস্পতিবার গ্রাহকেরা সর্বোচ্চ এক দিনে বাংলাদেশ ব্যাংকের কাউন্টার থেকে এক হাজার ৮০০ কোটি টাকা সংগ্রহ করেছেন।
বাসস