১০ হাজার কোটি টাকা রপ্তানি আয় করা সম্ভব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী পাঁচ বছরের মধ্যে খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প খাত থেকে রপ্তানি আয়ের পরিমাণ ১০ হাজার কোটি টাকায় উন্নীত করা সম্ভব বলে দাবি করেছেন কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প খাতের উদ্যোক্তারা। বর্তমানে কৃষিভিত্তিক এ শিল্প খাত থেকে বছরে ১ হাজার ৬০০ কোটি টাকা মূল্যের পণ্য রপ্তানি হচ্ছে বলে জানিয়েছেন তাঁরা।
এ খাতের রপ্তানি আয় বাড়াতে তাঁরা স্বল্প সুদে ঋণ, কৃষিভিত্তিক ক্ষুদ্র কারখানায় অগ্রাধিকার ভিত্তিতে গ্যাসসংযোগ প্রদান এবং সহজ কিস্তিতে শিল্প প্লটের মূল্য পরিশোধের সুযোগ দেওয়ার দাবি জানান।
খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং কৃষিভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে বাংলাদেশ এগ্রো-প্রসেসরস অ্যাসোসিয়েশন (বাপা) এবং ইউরোপিয়ান ইউনিয়নের যৌথ উদ্যোগে বাস্তবায়িত বাংলাদেশ ইন্সপায়ার্ড প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে এ দাবি জানানো হয়। গতকাল মঙ্গলবার রাজধানীর ড্যাফোডিল ইউনিভার্সিটি মিলনায়তনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বাপার সভাপতি এ এফ এম ফখরুল ইসলাম মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রকল্পের পরিচালক সুষেণ চন্দ্র দাস, উপদেষ্টা মো. মোসলেম আলী, ড্যাফোডিল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ইউসুফ এম ইসলাম প্রমুখ বক্তব্য দেন বলে শিল্প মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
শিল্পমন্ত্রী বলেন, শিল্পনীতিতে অগ্রাধিকারপ্রাপ্ত খাতের তালিকায় কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারক শিল্পকে শীর্ষে রাখা হয়েছে।