১০ হাজার থ্রিজি টাওয়ার চালু করল গ্রামীণফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রামীণফোনের ১০ হাজার থ্রিজি টাওয়ার চালুর অনুষ্ঠানে উপস্থিত (বাঁ থেকে) বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমসহ অতিথিরা l সৌজন্যে ​গ্রামীণফোন
গ্রামীণফোনের ১০ হাজার থ্রিজি টাওয়ার চালুর অনুষ্ঠানে উপস্থিত (বাঁ থেকে) বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমসহ অতিথিরা l সৌজন্যে ​গ্রামীণফোন

ঘোষণার ছয় মাসের মধ্যে সারা দেশে ১০ হাজার তৃতীয় প্রজন্মের (থ্রিজি) সাইট বা টাওয়ার চালু করেছে মুঠোফোন অপারেটর গ্রামীণফোন। এর মাধ্যমে দেশের ৯০ শতাংশ জনগোষ্ঠীকে থ্রিজি সেবার আওতায় আনার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
রাজধানীর একটি হোটেলে গতকাল রোববার এক অনুষ্ঠানে গ্রামীণফোনের ১০ হাজারতম থ্রিজি সাইটের উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শাহজাহান মাহমুদ।
চলতি বছরের ৫ জানুয়ারি গ্রামীণফোনের মূল বিনিয়োগকারী প্রতিষ্ঠান টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিগভে ব্রেক্কে এক অনুষ্ঠানে ১০ হাজার থ্রিজি সাইট তৈরির ঘোষণা দেন। এ ঘোষণার আগে গত বছরের ডিসেম্বর পর্যন্ত গ্রামীণফোনের থ্রিজি সাইটের সংখ্যা ছিল ৫ হাজার ৮০০। সে হিসাবে গত ছয় মাসে নতুন করে ৪ হাজার ২০০ থ্রিজি সাইট নির্মাণ করেছে অপারেটরটি।
গ্রামীণফোনের সিইও রাজীব শেঠি বলেন, ‘পাঁচ মাস আগে দ্রুতগতিতে থ্রিজি নেটওয়ার্ক বিস্তারের চ্যালেঞ্জ নিয়েছিলাম। এই ১০ হাজার থ্রিজি সাইট শুধু আমাদের একার সাফল্য নয়, এটি পুরো জাতির সাফল্য।’
তারানা হালিম বলেন, ‘দেশের প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন সেবা দিতে সাধারণত সরকারই কাজ করে থাকে। বেসরকারি খাত থেকে একটি কোম্পানি সারা দেশে থ্রিজি সেবা ছড়িয়ে দেওয়ার যে কাজটি করেছে এ জন্য তাদের অভিনন্দন। নেটওয়ার্ক প্রসারের পাশাপাশি গ্রাহক সেবার মান নিশ্চিতেও গুরুত্ব দিতে হবে।’
বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বলেন, ‘দেশে শিগগিরই চতুর্থ প্রজন্মের (ফোরজি) টেলিযোগাযোগ সেবা চালু হতে যাচ্ছে। গ্রামীণফোন থ্রিজি সেবা প্রসারে যেভাবে কাজ করেছে আশা করি, ফোরজি প্রসারেও তারা একইভাবে কাজ করবে।’ অনুষ্ঠানে বিটিআরসির ভাইস চেয়ারম্যান আহসান হাবিব খানসহ নিয়ন্ত্রক সংস্থা ও গ্রামীণফোনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।