১০ হাজার থ্রিজি সাইট চালু করল গ্রামীণফোন

ঘোষণার ছয় মাসের মধ্যে সারা দেশে ১০ হাজার তৃতীয় প্রজন্মের (থ্রিজি) সাইট বা টাওয়ার চালু করেছে মুঠোফোন অপারেটর গ্রামীণফোন। এর মাধ্যমে দেশের ৯০ শতাংশ জনগোষ্ঠীকে থ্রিজি সেবার আওতায় নিয়ে এল প্রতিষ্ঠানটি।
রাজধানীর একটি হোটেলে আজ রোববার আয়োজিত এক অনুষ্ঠানে গ্রামীণফোনের ১০ হাজারতম থ্রিজি সাইটের উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শাহাজাহান মাহমুদ।
চলতি বছরের ৫ জানুয়ারি গ্রামীণফোনের মূল বিনিয়োগকারী প্রতিষ্ঠান টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিগভে ব্রেক্কে এক অনুষ্ঠানে ১০ হাজার থ্রিজি সাইট তৈরির ঘোষণা দেন।
গ্রামীণফোনের সিইও রাজীব শেঠি বলেন, ‘পাঁচ মাস আগে দ্রুতগতিতে থ্রিজি নেটওয়ার্ক বিস্তারের চ্যালেঞ্জ নিয়েছিলাম। এই ১০ হাজার থ্রিজি সাইট শুধু আমাদের একার সাফল্য নয়, এটি পুরো জাতির সাফল্য।’
প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, ‘দেশের প্রত্যন্ত অঞ্চলের জনগণকে বিভিন্ন সেবা দিতে সাধারণত সরকারই কাজ করে থাকে। বেসরকারি খাত থেকে একটি কোম্পানি সারা দেশে থ্রিজি সেবা ছড়িয়ে দেওয়ার যে কাজটি করেছে, এ জন্য তাদের অভিনন্দন। নেটওয়ার্ক প্রসারের পাশাপাশি গ্রাহকসেবার মান নিশ্চিত করতেও গুরুত্ব দিতে হবে।’
অনুষ্ঠানে বিটিআরসির ভাইস চেয়ারম্যান আহসান হাবিব খানসহ নিয়ন্ত্রক সংস্থা ও গ্রামীণফোনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।