ওএলএক্সের পর্যালোচনা প্রতিবেদন প্রকাশ
১০.৫ কোটি ব্যবহৃত পণ্য বাংলাদেশি ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে
অনলাইন শ্রেণীভুক্ত বিজ্ঞাপনে বিশ্বের অন্যতম নেতৃস্থানীয় প্রতিষ্ঠান ওএলএক্স এবং গ্লোবাল মার্কেট রিসার্চ ফার্ম ম্যাট্রিক্সল্যাব যৌথভাবে গতকাল যে গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে, তাতে এই তথ্য পাওয়া গেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।
এতে দেখা যায়, বাংলাদেশি ইন্টারনেট ব্যবহারকারীরা যে পরিমাণ ব্যবহূত দ্রব্যাদির শ্রেণীভুক্ত বিজ্ঞাপন দিচ্ছেন, তার অর্থমূল্য এখন এক হাজার ৯০০ কোটি ডলার বা ১৪ হাজার ৭০০ কোটি টাকা।
কেবল বাংলাদেশি ইন্টারনেট ব্যবহারকারীরাই এই গবেষণার আওতাভুক্ত ছিলেন। দেশের ছয়টি বিভাগের ১৮ থেকে ৬৫ বছর বয়সসীমার নারী ও পুরুষেরা এই গবেষণার জন্য জরিপের আওতায় এসেছিলেন।
ওএলএক্সের যুগ্ম প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যালেক অক্সেনফোর্ড এ প্রসঙ্গে বলেন, ই-কমার্স বিশেষত গ্রাহক থেকে গ্রাহকের শ্রেণীভুক্ত বিক্রয় এই অঞ্চলে প্রসারিত হচ্ছে। এ থেকে বোঝা যায়, বাংলাদেশের অনেক মানুষই গৃহস্থালি নানা দ্রব্য এখন আর ব্যবহার করতে চাইছেন না।
ওএলএক্স বাংলাদেশে ২০১৩ সালের আগস্ট মাসে কার্যক্রম শুরু করে। এরপর মাত্র আট মাসে OLX.com.bd <http:// www.olx.com.bd/> ওয়েবসাইটে দুই লাখ ২৫ হাজারের বেশি শ্রেণীভুক্ত বিজ্ঞাপন স্থান পায়।
বাংলাদেশে যেসব দ্রব্যাদির বিপুল পরিমাণ মজুদ তালিকাভুক্ত হয়েছে, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো মোবাইল ফোন, কাপড়, বই, আসবাবপত্র এবং গৃহস্থালি ইলেকট্রনিকস। গড়ে প্রতিটি জিনিসের দাম ১৮ ডলার বা এক হাজার ৪০০ টাকা।
উল্লেখ্য, পণ্য ক্রয়-বিক্রয় বা অদল-বদলের জন্য ওএলএক্সের ওয়েবসাইটে বিনা মূল্যে বিজ্ঞাপন দেওয়া যায়। আর্জেন্টিনায় ওএলএক্সের প্রধান কার্যালয়। অনলাইনে তালিকাভুক্ত বিজ্ঞাপনে বিশ্বের শীর্ষস্থানীয় ওএলএক্স ১০৫টি দেশজুড়ে কার্যক্রম পরিচালনা করছে। একে বলা হয় বিশ্বের অন্যতম সবচেয়ে জনপ্রিয় ভোক্তা থেকে ভোক্তা (সিটুসি) অনলাইন বাজার।