১০০ একর জমি পাবেন নারী উদ্যোক্তারা

দেশের নারী উদ্যোক্তাদের জন্য চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ১০০ একর জমি বরাদ্দ দেবে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। এই জমিতে শুধু নারী উদ্যোক্তারাই বিনিয়োগ করতে পারবেন। এই জমির উন্নয়ন ও অন্যান্য অবকাঠামো নির্মাণ করে দেবে বেজা। নারী উদ্যোক্তারা শুধু কারখানা করবেন।
নারী উদ্যোক্তাদের সঙ্গে এক বৈঠকে গতকাল সোমবার বেজা জমি বরাদ্দের এই সিদ্ধান্ত নেয়। জানতে চাইলে সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘বেজার গভর্নিং বোর্ডের সভায় মাননীয় প্রধানমন্ত্রী অর্থনৈতিক অঞ্চলে নারী উদ্যোক্তাদের অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা দিয়েছেন। নারী উদ্যোক্তারা যাতে শিল্প প্রতিষ্ঠায় আরও এগিয়ে যেতে পারেন, সে জন্য তাঁদের জমি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
মিরসরাই অর্থনৈতিক অঞ্চলটি হবে দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল। এই অর্থনৈতিক অঞ্চলে জমির পরিমাণ হবে প্রায় ৩০ হাজার একর। চট্টগ্রাম বন্দরের কাছে হওয়ায় এটিকে বিনিয়োগকারীদের জন্য সবচেয়ে আকর্ষণীয় অর্থনৈতিক অঞ্চল হিসেবে গণ্য করা হচ্ছে। ইতিমধ্যে দেশি-বিদেশি বড় বিনিয়োগকারীরা সেখানে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছেন। ভারত সেখানে নিজেদের বিনিয়োগকারীদের জন্য ১ হাজার ১০০ একর জমি চেয়েছে। নারী উদ্যোক্তাদের সেই আকর্ষণীয় অর্থনৈতিক অঞ্চলটিতেই জমি দিচ্ছে বেজা।
২০১৫ সালের নভেম্বরে এক আলোচনা সভায় বেজার কাছে এই জমি চেয়েছিল চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিডব্লিউসিসিআই)। পরে বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিও (বিডব্লিউসিসিআই) বেজার কাছে জমি চেয়েছে। তবে বেজা দুই সংগঠনকেই আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দেওয়ার অনুরোধ জানায়।
জানতে চাইলে সিডব্লিউসিসিআইয়ের সভাপতি মনোয়ারা হাকিম আলী প্রথম আলোকে বলেন, তাঁরা অতীতে বিভিন্ন সময়ে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) কাছে জমি চেয়েছিলেন। এ জন্য তাঁরা প্রায় ১১০টি প্রকল্প প্রস্তাবও জমা দিয়েছিলেন। তবে বিসিক নানা জটিলতায় জমি বরাদ্দ দিতে পারেনি। তিনি আরও বলেন, ‘পরে আমরা বেজার কাছে জমি চেয়েছি। তারা আমাদের জমি বরাদ্দ দেওয়ার কথা জানিয়েছে।’ নারী উদ্যোক্তাদের প্রায় ১০০ প্রকল্প প্রস্তাব তৈরি করা আছে উল্লেখ করে তিনি বলেন, অর্থনৈতিক অঞ্চলে নারী উদ্যোক্তারা বিনিয়োগ করতে চান।
বেজা জানিয়েছে, অন্যান্য বিনিয়োগকারী যেভাবে জমি পাবেন, নারী উদ্যোক্তারা সেভাবেই পাবেন। এই জমি দেওয়া হবে ৫০ বছরের ইজারায়। এ জন্য বেজার নির্ধারিত হারে ভাড়া দিতে হবে। তবে নারীদের জন্য রাখা ১০০ একর জমি উন্নয়ন, অবকাঠামো নির্মাণ ও পরিচালনা করবে বেজা। এখানে জমি পেতে নারী উদ্যোক্তারা ব্যক্তিগতভাবে আবেদন করতে পারবেন।
বেজার সঙ্গে নারী উদ্যোক্তাদের বৈঠকে উপস্থিত ছিলেন ব্যবসায়ীদের উদ্যোগে গঠিত সংস্থা বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের (বিল্ড) প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা বেগম। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা মোটামুটি একটা হিসাব করে দেখেছি, এক একর জমির ৫০ বছরের ভাড়া আসে প্রায় ৯০ লাখ টাকা। বেজার কাছে আমরা এই টাকা পরিশোধে একটু বেশি সময় দেওয়ার অনুরোধ জানিয়েছি।’ তিনি বলেন, ‘বেজা নারী উদ্যোক্তাদের বিষয়ে ইতিবাচক। ফলে নারী উদ্যোক্তাদের একটি আলাদা অর্থনৈতিক অঞ্চল হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।’
জমি বরাদ্দ দেওয়ার জন্য শিগগির নারী উদ্যোক্তাদের সংগঠনের সঙ্গে একটি সমঝোতা চুক্তি সই করা হবে বলে জানান বেজার চেয়ারম্যান। তিনি বলেন, ‘টেকসই উন্নয়ন লক্ষ্যের (এসডিজি) একটি হলো নারীর ক্ষমতায়ন। আমরা মনে করি, নারী উদ্যোক্তাদের এগিয়ে নেওয়া নারীর ক্ষমতায়নের একটি অংশ। ১০০ একর জমি বরাদ্দের পরে চাহিদা থাকলে আরও জমি দেওয়া হবে।’