১০০ কোটি টাকার আরেকটি মিউচুয়াল ফান্ড আসছে
শেয়ারবাজারে আসছে ১০০ কোটি টাকার আরেকটি মিউচুয়াল ফান্ড। এটি ১০ কোটি ইউনিটে বিভক্ত। গত মঙ্গলবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নিয়মিত সভায় ফান্ডটির প্রসপেক্টাস অনুমোদন করা হয়। সভা শেষে এসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এমটিবি ইউনিট ফান্ড নামের বেমেয়াদি এই ফান্ডের প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য বা ফেস ভ্যালু ১০ টাকা। দেশের শেয়ারবাজারে এটিই প্রথম ফান্ড, যার প্রতিটি ইউনিট কাগজের পরিবর্তে ইলেকট্রনিক পদ্ধতিতে কেনাবেচা হবে। বর্তমানে বাজারে যেসব ইউনিট ফান্ড রয়েছে তার সবগুলোই কাগুজে ইউনিট হিসেবে লেনদেন হয়।১০০ কোটি টাকার এই ফান্ডে ২০ কোটি টাকা জোগান দেবে উদ্যোক্তা প্রতিষ্ঠান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড। আর সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে সংগ্রহ করা হবে ৭৯ কোটি ৯৩ লাখ টাকা। বাকি টাকা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে সংগ্রহ করা হবে।এসইসি জানিয়েছে, ফান্ডটির সম্পদ ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। আর কাস্টডিয়ান হয়েছে ব্র্যাক ব্যাংক। কমিশনের মঙ্গলবারের সভায় তালিকাভুক্ত কোম্পানি সেন্ট্রাল ইন্স্যুরেন্সকে রাইট শেয়ার ইস্যু করারও অনুমতি দেওয়া হয়েছে। সেন্ট্রাল ইন্স্যুরেন্সকে বিদ্যমান দুটি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দেওয়া হয়। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে পাঁচ টাকা প্রিমিয়াম যোগ করে প্রতিটি রাইট শেয়ারের বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫ টাকা। কোম্পানিটি রাইট শেয়ার ছেড়ে বাজার থেকে মোট ১৬ কোটি ৮৫ লাখ টাকারও বেশি অর্থ সংগ্রহ করবে। সংগৃহীত টাকায় কোম্পানিটি তাদের আর্থিক ভিত্তি মজবুত করার মাধ্যমে নিয়ন্ত্রক সংস্থার শর্ত পরিপালন করবে। কোম্পানিটির রাইট শেয়ারের ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে বিএমএসএল ইনভেস্টমেন্ট লিমিটেড। এ ছাড়াও নির্ধারিত সময়ে আর্থিক প্রতিবেদন দাখিলে ব্যর্থ হওয়ায় তিনটি কোম্পানির প্রত্যেক পরিচালককে এক লাখ টাকা করে জরিমানা করেছে এসইসি। কোম্পানি তিনটি হলো—মোনা ফুড ইন্ডাস্ট্রি, রোজ হেভেন বলপেন ও ফাহাদ ইন্ডাস্ট্রিজ।