১০০ কোটি টাকার বন্ড ছাড়বে রেনেটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি রেনেটা লিমিটেড ব্যবসা সম্প্রসারণের জন্য অর্থ সংগ্রহে ১০০ কোটি টাকার বন্ড ছাড়বে। বার্ষিক ১২ শতাংশ সুদে এই বন্ড বিক্রি করা হবে। ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান, মিউচুয়াল ফান্ড, সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠান ও মার্চেন্ট ব্যাংক প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ডে বিনিয়োগ করতে পারবে। গত বুধবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) এক সভায় রেনেটাকে এই বন্ড ছাড়ার অনুমোদন দেওয়া হয়। সভা শেষে এসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এসইসি জানিয়েছে, বন্ডটি রূপান্তরযোগ্য নয়। আরও কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে। যেদিন থেকে বন্ডটি ইস্যু করা হবে, সেদিন থেকে পরবর্তী দুই বছর এই বন্ডের মেয়াদ নির্ধারণ করা হয়েছে। বন্ডের প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য বা ফেসভ্যালু এক কোটি টাকা। বন্ডটির মূল ব্যবস্থাপকের দায়িত্বে থাকবে রেইস পোর্টফোলিও অ্যান্ড ইস্যু ম্যানেজমেন্ট। যেহেতু বন্ডটির প্রতিটি ইউনিটের দাম ঠিক করা হয়েছে এক কোটি টাকা, সেহেতু ১০০টি বন্ড ইস্যুর মাধ্যমেই রেনেটা ১০০ কোটি টাকা সংগ্রহ করবে। এ ছাড়া এসইসির ওই দিনের সভায় ব্যাংক এশিয়ার ১১০ কোটি টাকার শূন্য কুপন বন্ডের মাধ্যমে মূলধন সংগ্রহের সময় আরও ৪৫ দিন বাড়ানো হয়েছে।