১০০ কোটি টাকার সুদ মওকুফের দাবি পাট রপ্তানিকারকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাঁচা পাট কিনে লোকসান হওয়ায় সরকারের কাছে ১০০ কোটি টাকার সুদ মওকুফ চেয়েছে বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন (বিজেএ)।বিজেএর চেয়ারম্যান মাহফুজুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল গতকাল রোববার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠক করে এই দাবি জানায়।বিজেএ বলেছে, নানা কারণে পাটের আন্তর্জাতিক বাজারে মূল্য কমে যাওয়ায় কাঁচা পাট রপ্তানিকারকেরা ব্যাপক লোকসানের শিকার হয়েছেন। এ অবস্থায় রপ্তানিকারকদের গতিশীল করতে ২০১০-১১ অর্থবছরসহ ১০ বছরে আরোপিত সুদ একটি সুদবিহীন আবদ্ধ হিসাবে (ব্লক অ্যাকাউন্ট) স্থানান্তর করা এখন জরুরি। আগামী ১০ বছরে তা পরিশোধ করে দেওয়া হবে।বিজেএর পক্ষ থেকে আরও জানানো হয়, আগের দুই হাজার ৪০০ টাকা এবং বর্তমান মৌসুমেও এক হাজার ৭০০ টাকা মণ দরে কেনা পাটের বর্তমান বাজারদর এক হাজার থেকে এক হাজার ২০০ টাকা। বৈঠক শেষে অর্থমন্ত্রীর কাছে জানতে চাইলে তিনি এ ব্যাপারে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি। তবে মাহফুজুল হক জানান, অর্থমন্ত্রী বিষয়টির সুরাহা করবেন বলে তাঁদের আশ্বাস দিয়েছেন।