১০০ টাকায় ব্যাংক হিসাব খুলতে পারবেন পোশাককর্মীরা
তৈরি পোশাকশিল্পের শ্রমিকেরা তাঁদের বেতন-ভাতা ব্যাংকের মাধ্যমে পেতে ১০০ টাকায় হিসাব খুলতে পারবেন। ভাউচারের মাধ্যমে এই হিসাবে অর্থ জমা ও হিসাব থেকে অর্থ তোলা যাবে।
শ্রমিকেরা তাঁদের জাতীয় পরিচয়পত্র ও কর্মরত প্রতিষ্ঠানের ইস্যু করা পরিচয়পত্র দিয়েই হিসাবটি খুলতে পারবেন। এ হিসাবে ন্যূনতম স্থিতি রাখার কোনো বাধ্যবাধকতা থাকবে না। কোনো প্রকার মাসুল আদায় করা যাবে না।
বাংলাদেশ ব্যাংক আজ মঙ্গলবার দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো সার্কুলারে এ নির্দেশনা দিয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, যে ক্ষেত্রে চেকবইয়ের অপ্রতুলতা থাকবে, সে ক্ষেত্রে চেকবইয়ের পরিবর্তে ভাউচারের মাধ্যমেও হিসাবগুলোতে লেনদেন করা যাবে।
ব্যাংকগুলো হিসাব খুলছে কি না, বা কতটা হিসাব খোলা হয়েছে, এ-সংক্রান্ত তথ্যাদি ত্রৈমাসিক ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংকে পাঠাতে হবে। সংযুক্ত ছকে প্রতি ত্রৈমাসিকের পরবর্তী ১৫ দিনের মধ্যে হিসাব বাংলাদেশ ব্যাংকে পাঠাতে হবে। আগামী ৩১ ডিসেম্বর ২০১৩ ভিত্তিক প্রথম বিবরণীটি ১৫ জানুয়ারি ২০১৪ তারিখের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।