১০০ টাকার কথায় এক টাকা সারচার্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি মুঠোফোনে কারও সঙ্গে কথা বললেন, সঙ্গে সঙ্গে আপনিও দেশের উন্নয়নের অংশীদার হয়ে গেলেন। মুঠোফোনে কথা বললেই ১ শতাংশ উন্নয়ন সারচার্জ দিতে হবে। এমনকি ইন্টারনেট ব্যবহারের ওপরও একই হারে সারচার্জ বসবে। সারচার্জের অর্থ খরচ হবে শিক্ষা ও স্বাস্থ্য খাতে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নতুন করে সারচার্জ বসানোর উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে সারচার্জ আরোপ-সংক্রান্ত খসড়া বিধিমালার ওপর মতামতের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে এনবিআর। শিগগিরই এ-সংক্রান্ত বিধিমালা জারি করবে এনবিআরের মূল্য সংযোজন কর (মূসক) বিভাগ।
এ সারচার্জ মুঠোফোন অপারেটর প্রতিষ্ঠানকে দিতে হবে না। গ্রাহককেই দিতে হবে। এনবিআর সূত্রে জানা গেছে, বিদ্যমান ১৫ শতাংশ মূল্য সংযোজন করের (মূসক) সঙ্গে ১ শতাংশ সারচার্জ যোগ করে তা সরকারের কোষাগারে জমা করবে মুঠোফোন অপারেটররা।
সহজ উদাহরণ হলো, আপনি মুঠোফোনে ১০০ টাকার ফ্লেক্সিলোড করলে ১৫ টাকা মূসক ও এক টাকা সারচার্জ কেটে রাখা হবে। মোটাদাগে আপনি ৮৪ টাকার টকটাইম পাবেন। এখন পান ৮৫ টাকা।
একই ভাবে সিম কার্ড ব্যবহার করে যে ইন্টারনেটসহ ডেটা সেবা নিলেও একই হারে সারচার্জ কেটে রাখা হবে। ইন্টারনেট প্যাকেজ কেনার সময় ১৫ শতাংশ মূসক ও ৫ শতাংশ সম্পূরক শুল্কের পাশাপাশি ১ শতাংশ সারচার্জ যোগ হবে। অর্থাৎ আপনাকে আগের চেয়ে বেশি টাকা ফ্লেক্সিলোড করে ইন্টারনেট প্যাকেজ কিনতে হবে।
এ বিষয়ে জানতে চাইলে এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, দেশের উন্নয়নে মুঠোফোন গ্রাহকদের যাতে একধরনের মালিকানা (ওনারশিপ) তৈরি হয়, সে জন্য এ সারচার্জ আরোপ করা হচ্ছে। তাঁরা যেন মনে করেন, তাঁরাও উন্নয়নের অংশীদার। বঙ্গবন্ধু সেতু (যমুনা সেতু) তৈরির সময় এ ধরনের সারচার্জ নেওয়া হয়েছিল। সে সময় সারচার্জ দিয়ে মানুষ গর্ব বোধ করতেন। তিনি জানান, সারচার্জ বাবদ যে অর্থ পাওয়া যাবে, তা দেশের শিক্ষা ও স্বাস্থ্য খাতে খরচ করা হবে। এ জন্য ইতিমধ্যে একটি তহবিলও গঠন করা হয়েছে।
অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (অ্যামটব) মহাসচিব টি আই এম নুরুল কবির প্রথম আলোকে বলেন, ‘এ ধরনের সারচার্জ আরোপ নতুন কিছু নয়। এর আগেও উন্নয়নের জন্য সরকার সারচার্জ করেছে। তবে আমরা তৃণমূল পর্যায়ের মানুষকে যে মূলধারার সঙ্গে সম্পৃক্ত করতে চাচ্ছি, সেখানে ব্যাঘাত হতে পারে। কেননা, এ ধরনের সারচার্জ আরোপের সময় সক্ষমতাও বিবেচনা করতে হবে।’
মূসক বিভাগ সূত্রে জানা গেছে, সারচার্জ আরোপের ফলে এক বছরে দেড় শ কোটি টাকা আদায় হবে। সারচার্জের অর্থ সঠিকভাবে সরকারি কোষাগারে জমা পড়ছে কি না, তদারকির জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে নিয়মিত তথ্য-উপাত্ত নেবে এনবিআর। ইতিমধ্যে এ নিয়ে বিটিআরসির সঙ্গে আলোচনা শুরু করেছে এনবিআর।
২০১৪ সালের বাজেট ঘোষণার সময় মুঠোফোনের সেবার ওপর ১ শতাংশ সারচার্জ আরোপের প্রস্তাব করা হয়েছিল। কিন্তু সারচার্জ আইন না থাকায় সে সময় এ ধরনের সারচার্জ আরোপে আইন মন্ত্রণালয় আপত্তি করেছিল। তখন সেই উদ্যোগ আটকে যায়। সারচার্জ আইন প্রণয়নের উদ্যোগ নেয় আইন মন্ত্রণালয়। এরপর জাতীয় সংসদে পাস হওয়ার পর রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে গত ২১ নভেম্বর উন্নয়ন সারচার্জ ও লেভি (আরোপ ও আদায়) আইন ২০১৫ প্রণয়ন করা হয়। এ আইনে বলা হয়েছে, মুঠোফোন অপারেটর কর্তৃক সিম বা রিম কার্ড বা মেমোরি কার্ড ব্যবহারের মাধ্যমে প্রদত্ত সেবার বিনিময়ে প্রাপ্ত সমুদয় অর্থ বা আয়ের ওপর সারচার্জের হার ১ শতাংশ। এখন সেই আইনটি বাস্তবায়নের জন্য বিধিমালা জারি করতে যাচ্ছে এনবিআর। আইন অনুযায়ী, এ সারচার্জ আরোপের একটি নির্ধারিত মেয়াদ থাকতে হবে।