১০০ টাকায় ১০ পয়সা বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোশাক রপ্তানিতে উৎসে কর ১০০ টাকায় ১০ পয়সা বেড়েছে। প্রস্তাবিত বাজেটে পোশাক রপ্তানিতে উৎসে কর প্রথমে ১ দশমিক ৫ শতাংশ করা হয়। তবে প্রধানমন্ত্রীর অনুরোধে তা অর্ধেকের চেয়েও বেশি কমিয়ে শূন্য দশমিক ৭ শতাংশে নামিয়ে আনা হয়েছে। এটাসহ আরও কয়েকটি সংশোধনী এনে আজ বুধবার অর্থবিল-২০১৬ জাতীয় সংসদে পাস হয়েছে। ২০১৬-১৭ অর্থবছরের বাজেট আলোচনায় সাংসদদের কণ্ঠভোটে পাস হয় অর্থবিল।

বর্তমানে পোশাক খাতে উৎসে কর দশমিক ৬ শতাংশ। অর্থাৎ ১০০ টাকায় ৬০ পয়সা।
এ ছাড়া তথ্যপ্রযুক্তি সেবায় নিয়োজিত প্রতিষ্ঠানের স্থান ও স্থাপনা ভাড়ার ওপর যে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) ধরা হয়েছিল, তা একেবারেই তুলে দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজেট আলোচনায় অংশ নিয়ে এ দুই বিষয়সহ আরও কিছু পরিবর্তন আনতে বলেন। এরপর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়াকে সম্বোধন করে বলেন, ‘প্রধানমন্ত্রী যেহেতু বলেছেন, এ প্রস্তাব গ্রহণ হয়ে গেছে।’
কাল বৃহস্পতিবার আগামী অর্থবছরের বাজেট পাস হবে; যা পরদিন ১ জুলাই থেকে কার্যকর হবে।