১০০ দেশে রবির রোমিং

গ্রাহকদের জন্য মুঠোফোনে ভয়েস ও ডেটা রোমিং সেবা আরও সহজ ও সুবিধাজনক করে তোলার ঘোষণা দিয়েছে মুঠোফোন অপারেটর রবি আজিয়াটা।
রাজধানীর গুলশানের একটি হোটেলে গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। এতে জানানো হয়, এখন থেকে গ্রাহকদের বিশ্বের ১০০টি দেশে সহজ প্রক্রিয়ায় ও সাশ্রয়ী মূল্যে রোমিং সেবা দেবে রবি। এসব দেশে রোমিং সেবা পেতে নির্দিষ্ট অপারেটর বাছাই করার ঝামেলাও পোহাতে হবে না গ্রাহককে। বরং একটি নির্দিষ্ট দেশের সব অপারেটরে একই রেটে রোমিং সুবিধা নিতে পারবেন গ্রাহকেরা।
উল্লেখ্য, আন্তর্জাতিক রোমিং হলো এমন একটি সুবিধা, যেটির মাধ্যমে গ্রাহক নম্বর অপরিবর্তিত রেখেই দেশ ও দেশের বাইরে মুঠোফোন ব্যবহারের সুযোগ পান।
নতুন এ সেবার মাধ্যমে মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভারত, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া ও কম্বোডিয়া থেকে ভয়েস কল করতে প্রতি মিনিট ১৫ টাকা খরচ হবে। চীন, থাইল্যান্ড, হংকং, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে প্রতি মিনিটে খরচ হবে ৩০ টাকা। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, নেপাল, পাকিস্তান থেকে ফোন করতে প্রতি মিনিটে খরচ হবে ৫০ টাকা।
ভয়েস রোমিংয়ের পাশাপাশি ৭২টি দেশে ইন্টারনেট রোমিং সুবিধা দেবে রবি।
রবির প্রধান পরিচালন কর্মকর্তা (সিসিও) মাহতাবউদ্দিন আহমেদ বলেন, ‘মুঠোফোনের বহুমাত্রিক ব্যবহারের এই যুগে গ্রাহকেরা রবির এ সেবাটিকে সানন্দে গ্রহণ করবে বলে আমাদের বিশ্বাস।’
এ সময় উপস্থিত ছিলেন রবির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) আদিল হোসেন নোবেল ও মুখপাত্র মহিউদ্দিন বাবর।