১০০০ ব্রেস্টফিডিং কক্ষ স্থাপনের উদ্যোগ নেসলের

সঠিক সময়ে শিশুকে মায়ের দুধ খাওয়ানোর মাধ্যমে মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে নেসলে বাংলাদেশ লিমিটেড দেশে ১ হাজার ব্রেস্টফিডিং কক্ষ স্থাপনের উদ্যোগ নিয়েছে। এর পাশাপাশি মা ও শিশুর সুস্বাস্থ্য এবং শিশুর ভবিষ্যৎ বিকাশে দেশজুড়ে আয়োজন করছে পুষ্টি বিজ্ঞান মেলা।
গতকাল মঙ্গলবার সাভারের দীপ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ব্রেস্টফিডিং কক্ষের উদ্বোধন করা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, স্থানীয় সাংসদ এনামুর রহমান, নেসলে নিউট্রিশনের রিজিওনাল বিজনেস হেড বিনু জ্যাকব ও নেসলে বাংলাদেশের অন্যান্য কর্মকর্তা। একই দিন সকাল ৯টায় সাভার গলফ ক্লাবে পুষ্টি বিজ্ঞান মেলার আয়োজন করে নেসলে। নেসলে বাংলাদেশ লিমিডেটের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
নেসলে দেশজুড়ে ৬৫টি ব্রেস্টফিডিং কক্ষ স্থাপন করেছে। ঢাকা ন্যাশনাল মেডিকেল হাসপাতাল, রাজারবাগ সেন্ট্রাল পুলিশ হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল, জেমিসন রেড ক্রিসেন্ট ম্যাটার্নিটি হাসপাতাল, মাদারীপুর সদর হাসপাতাল, ভোলা সদর হাসপাতাল, টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতাল, ব্রাহ্মণবাড়িয়ার সদর হাসপাতাল ও ক্রিশ্চিয়ান মিশন হাসপাতাল অন্যতম।
সম্প্রতি ঢাকা, চট্টগ্রাম, রংপুর, ফরিদপুর, বরিশাল, খুলনা, যশোর ও সিলেটে পুষ্টি বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। এ সব মেলায় প্রায় তিন হাজার নার্সকে মা ও শিশুর সুস্বাস্থ্য এবং শিশুর ভবিষ্যৎ বিকাশ সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। ‘টুগেদার, নার্সারিং এ হেলদিয়ার জেনারেশন’-এ লক্ষ্যেই কাজ করে যাচ্ছে নেসলে।