১০৮ নেপালি পণ্য এ দেশে শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালের ১০৮টি পণ্য বাংলাদেশে রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা দিতে রাজি হয়েছে বাংলাদেশ সরকার। আর দেশটিতে ১৫৩ ধরনের পণ্য রপ্তানিতে অগ্রাধিকারমূলক সুবিধা চাওয়া হয়েছে। অবশ্য বাংলাদেশকে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার বিষয়টি এখনো চূড়ান্ত করেনি নেপাল।দুই দেশের যুগ্ম সচিব পর্যায়ের কারিগরি বৈঠকে এসব পণ্যের তালিকা চূড়ান্ত করা হয়। ঢাকায় বাণিজ্য মন্ত্রণালয়ে ১৭ ফেব্রুয়ারি এ বৈঠক অনুষ্ঠিত হয়।গত বছরের জুলাইয়ে নেপালে অনুষ্ঠিত বাংলাদেশ ও নেপালের বাণিজ্যমন্ত্রী পর্যায়ের বৈঠকে যেসব চুক্তি করা হয়েছিল সেসব বাস্তবায়নের কৌশল চূড়ান্ত করার জন্যই এ বৈঠক আয়োজন করা হয়।নেপালি দৈনিক রিপাবলিকায় গত মঙ্গলবার এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।ওই বৈঠকে নেপালি বাণিজ্য প্রতিনিধিদলটির নেতৃত্ব দেন সে দেশের বাণিজ্য ও সরবরাহ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাইন্দ্র প্রসাদ উপাধ্যায়। রিপাবলিকাকে তিনি বলেন, ‘বাংলাদেশের সরকার সে দেশের বাজারে নেপালের ১০৮টি পণ্যকে শুল্কমুক্ত সুবিধা দিতে রাজি হয়েছে।’নেপালকে সুবিধা দেওয়া পণ্য তালিকায় আছে—মসুর ডাল, কিছু সবজি, খাদ্যশস্য, গমের আটা, ফল, জুস, দুগ্ধজাত পণ্য এবং হাতে তৈরি কাগজসহ কয়েকটি পণ্য।বাংলাদেশ যেসব পণ্যে অগ্রাধিকারমূলক সুবিধা চেয়েছে তার মধ্যে অন্যতম মাছ, ওষুধ, বস্ত্র ও ইলেকট্রনিক পণ্য। অবশ্য ১৫৩ পণ্যের সবগুলোকেই শুল্কমুক্ত সুবিধা দেওয়া হবে কি না তা এখনো চূড়ান্ত করেনি নেপাল সরকার।নাইন্দ্র প্রসাদ উপাধ্যায় বলেন, ‘কাঠমান্ডুতে অনুষ্ঠেয় আগামী যুগ্ম সচিব পর্যায়ের বৈঠকে এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। বাংলাদেশকে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার আগে কিছু হোমওয়ার্ক করতে হবে। আগামী বৈঠকে শুল্কমুক্ত সুবিধা পাওয়ার কৌশল চূড়ান্ত করা হবে।’যোগাযোগ করা হলে বাণিজ্য সচিব মাহবুব আহমেদ প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এক মাস পরে আরেকটি বৈঠকে পুরো বিষয়টি চূড়ান্ত করা হবে।গত জুলাইয়ের সচিব পর্যায়ের বৈঠকে ঢাকা-কাঠমান্ডু সরাসরি বাস যোগাযোগ চালুর বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল। তবে আরও আলোচনা সাপেক্ষে আগামী যুগ্ম সচিব পর্যায়ের বৈঠকে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হতে পারে বলে রিপাবলিকার প্রতিবেদনে বলা হয়।