১০৯ কোটি টাকা বকেয়া চেয়ে বিটিআরসির চিঠি
এয়ারটেলের সঙ্গে একীভূত (মার্জার) হওয়ার ফি হিসেবে ১০৯ কোটি টাকা বকেয়া কেন পরিশোধ করা হচ্ছে না, এ বিষয়ে মুঠোফোন অপারেটর রবির কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। উত্তর দিতে রবিকে এক মাসের সময়ও বেঁধে দিয়েছে বিটিআরসি।
বিটিআরসির হিসেবে একীভূতকরণ ও তরঙ্গ ফি হিসেবে রবির কাছে নিয়ন্ত্রক সংস্থার পাওনা ৪২৭ কোটি টাকা। এখন পর্যন্ত বিটিআরসিকে ৩১৮ কোটি টাকা পরিশোধ করেছে রবি। এ বিষয়ে গত ফেব্রুয়ারিতে বিটিআরসির চিঠিতে বলা হয়, ১০৯ কোটি টাকা বকেয়া পরিশোধ না করে রবি একীভূতকরণের শর্ত ভঙ্গ করেছে। অন্যদিকে রবি বলছে, তাদের হিসেবে বিটিআরসির পাওনা ৩১৮ কোটি টাকার বেশি নয়, যা ইতিমধ্যেই পরিশোধ করা হয়েছে।
রবির ব্যাখ্যায় বলা হয়, ৪২৭ কোটি টাকার ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) ও ১০ শতাংশ অগ্রিম কর বাদ দিয়ে পাওনা অর্থ দেওয়া হয়েছে। বিটিআরসির মূসক চালান না থাকায় মূসকের ১৫ শতাংশ অর্থ দেওয়া হয়নি। মূসক চালান দেওয়া হলেই এ অর্থ দেওয়া হবে।
তবে রবির ব্যাখ্যা প্রত্যাখ্যান করে বিটিআরসি বলছে, মূসক ও অগ্রিম কর ছাড়াই রবির কাছে কমিশনের ৪২৭ কোটি বকেয়া রয়েছে। আগে তাদের সেটা পরিশোধ করতে হবে। ৪২৭ কোটি টাকার ওপর মূসক ও অগ্রিম কর কেটে রবি একীভূতকরণের শর্ত ভঙ্গ করেছে।
বিটিআরসির চিঠিতে এ বিষয়ে বলা হয়েছে, একীভূতকরণের শর্ত পূরণ না করে রবি টেলিযোগাযোগ আইনের ৩১ ও ৭৩ নম্বর ধারা ভঙ্গ করেছে। বারবার তাগিদ দেওয়ার পরও বকেয়া পরিশোধসহ একীভূতকরণের শর্ত পূরণ না করার মনোভাব কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ অবস্থায় রবিকে যত দ্রুত সম্ভব বকেয়া ১০৯ কোটি টাকা পরিশোধসহ একীভূতকরণের সব শর্ত পূরণ অথবা আগামী ৩০ দিনের মধ্যে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
জানতে চাইলে, রবির ভাইস প্রেসিডেন্ট ও মুখপাত্র ইকরাম কবীর প্রথম আলোকে বলেন, চিঠিতে বিটিআরসি যেসব বিষয় জানতে চেয়েছে সেগুলোর ব্যাখ্যা ও উত্তর ইতিমধ্যেই রবি দিয়েছে।
বিটিআরসি সূত্রে জানা গেছে, বকেয়া পরিশোধের নিশ্চয়তা হিসেবে রবির পক্ষ থেকে ব্যাংক গ্যারান্টি জমা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে অপারেটরটির এমন প্রস্তাব মানা সম্ভব নয় বলে জানিয়েছেন কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।
এক বছরের আইনি প্রক্রিয়া শেষে রবি-এয়ারটেলের একীভূত হওয়ার বিষয়ে গত বছরের ৩০ আগস্ট চূড়ান্ত অনুমোদন দেন আদালত। এরপর ২১টি শর্ত দিয়ে গত অক্টোবরে রবি-এয়ারটেলের একীভূতকরণে বিটিআরসি অনুমোদন দেয়। তবে একীভূতকরণসংক্রান্ত চূড়ান্ত ছাড়পত্র রবিকে এখনো দেয়নি বিটিআরসি। বর্তমানে রবির সঙ্গে এয়ারটেলের নেটওয়ার্ক এক করার কাজ চলছে।