১০৯০ জন দরিদ্র বেকারকে বিভিন্ন যন্ত্রপাতি হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) উদ্যোগে দেশের দরিদ্র যুবক-যুবতীদের আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগের অংশ হিসেবে দ্বিতীয় পর্যায়ে বিভিন্ন জেলার ১৩৩ জন প্রতিবন্ধীসহ মোট এক হাজার ৯০ জনকে কম্পিউটার, সেলাই মেশিন, সেচপাম্প, ভ্যানগাড়িসহ প্রভৃতি দেওয়া হয়েছে। গতকাল শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি এবং বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী ও বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন।এফবিসিসিআইয়ের সভাপতি আনিসুল হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এফবিসিসিআইয়ের নবনির্বাচিত সভাপতি এ কে আজাদ, প্রথম সহসভাপতি আবুল কাশেম আহমেদ, সহসভাপতি আবু আলম চৌধুরী, এফবিসিসিআই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম নুরুল ফজল বুলবুল, স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরামউদ্দিন আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে জানানো হয়, দেশের দরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টির জন্য এফবিসিসিআইয়ের বর্তমান পরিচালনা পর্ষদ ‘এফবিসিসিআই ফাউন্ডেশন’ গঠন করে। এই ফাউন্ডেশন ‘এক ব্যবসায়ী-এক পরিবার’ নামের একটি প্রকল্প গ্রহণ করে। এ প্রকল্পের মাধ্যমে এফবিসিসিআইয়ের অধিভুক্ত বিভিন্ন সমিতির মাধ্যমে সাইবার ক্যাফে, রেস্তোরাঁ ও বেকারি কারখানায় ইতিমধ্যে ৯৮২ জনকে চাকরি প্রদান করা হয়েছে। এ ছাড়া গত ১০ মার্চ প্রথম দফায় ৪৮৭টি দরিদ্র পরিবারকে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে কম্পিউটার, সেলাই মেশিন, সেচপাম্প, ভ্যানগাড়ি প্রদান করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, দেশের নিম্ন আয়ের আট থেকে ১০ কোটি মানুষের চাহিদা সৃষ্টি করতে না পারলে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে না। তাই বাজেট প্রণয়নকালে এদের কথা বিবেচনা করা হয়। বিভিন্ন সামগ্রী গ্রহণ করা লোকজনের উদ্দেশে অর্থমন্ত্রী বলেন, আপনারা পণ্যগুলো ব্যবহার না করলে এফবিসিসিআইয়ের প্রকল্প সফল হবে না। অন্যদিকে দেশের অর্থনৈতিক উন্নয়নও হবে না। তিনি পণ্যগুলোর সঠিক ব্যবহারের পরামর্শ দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান বলেন, এফবিসিসিআই থেকে দেওয়া কম্পিউটার, সেলাই মেশিন, সেচপাম্প ও ভ্যানগাড়ি দেশের দরিদ্র জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা দেওয়া ছাড়াও দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করবে।বিশেষ অতিথি বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী এফবিসিসিআই থেকে দেওয়া পণ্যগুলো নিজের উন্নয়নের হাতিয়ার হিসেবে ব্যবহারের পরামর্শ দেন।এফবিসিসিআইয়ের সভাপতি আনিসুল হক জানান, বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সহায়তা নিয়ে এক হাজার ৯০ জনকে কম্পিউটার, সেলাই মেশিন, সেচপাম্প ও ভ্যানগাড়ি দেওয়া হচ্ছে। বর্তমান কমিটি ফাউন্ডেশন গঠন করে ‘এক ব্যবসায়ী-এক পরিবার’ নামের প্রকল্প গ্রহণ করে দেশের বিভিন্ন দরিদ্র জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থানের ব্যবস্থা শুরু করেছে। পরবর্তী কমিটি এই ধারা অব্যাহত রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।এফবিসিসিআইয়ের নবনির্বাচিত সভাপতি এ কে আজাদ বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন করতে হলে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনকে শক্তিশালী করতে হবে। তিনি এ ব্যাপারে সরকারের সহায়তা কামনা করেন। তিনি বলেন, এফবিসিসিআইয়ের বর্তমান কমিটির অসমাপ্ত কাজগুলো অব্যাহত রাখা হবে। জানা গেছে, এবার এফবিসিসিআই ৬০ জনকে কম্পিউটার, ৬৮৪ জনকে সেলাই মেশিন, ১০০ জনকে সেচ পাম্প ও ২৪৬ জনকে রিকশা ভ্যান প্রদান করেছে। এ ছাড়া এফবিসিসিআই ফাউন্ডেশন থেকে অনুষ্ঠানে আগতদের দুপুরে আপ্যায়ন করা ছাড়াও দূরত্ব ও স্থান অনুসারে আসা-যাওয়ার এবং পণ্য পরিবহনের প্রয়োজনীয় ভাড়া প্রদান করা হয়েছে।