১১ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ু খাতে বাংলাদেশকে ১১ কোটি ৩০ লাখ ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক। টাকার অঙ্কে এর পরিমাণ প্রায় ৯০০ কোটি। বাংলাদেশ আঞ্চলিক আবহাওয়া ও জলবায়ু সেবা প্রকল্পে এই অর্থ খরচ হবে।
গতকাল বুধবার এ-সংক্রান্ত ঋণ চুক্তি করেছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও বিশ্বব্যাংক। নিজ নিজ প্রতিষ্ঠান ও সংস্থার পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ভারপ্রাপ্ত ইআরডি সচিব কাজী শফিকুল আযম ও বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান। রাজধানী ঢাকার শেরেবাংলা নগরের ইআরডি সম্মেলনকক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিশ্বব্যাংকের এই ঋণের যে পরিমাণ অর্থ ছাড় করা হবে, তার ওপর বার্ষিক দশমিক ৭৫ শতাংশ হারে সেবা মাশুল বা সার্ভিস চার্জ দিতে হবে। যে অর্থ ছাড় হয়নি, সেই অর্থের ওপর দশমিক ৫০ শতাংশ হারে প্রতিশ্রুতি মাশুল দিতে হবে। এই ঋণের অর্থ গ্রেস পিরিয়ড ৬ বছরসহ ৩৮ বছরে পরিশোধ করতে হবে।
এই প্রকল্পের আওতায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া পর্যবেক্ষণ নেটওয়ার্ক, আগাম পূর্বাভাস সক্ষমতা ও সতর্কবার্তা প্রদান ব্যবস্থার আধুনিকায়ন, শক্তিশালীকরণসহ বিভিন্ন ধরনের পূর্বাভাসব্যবস্থার উন্নয়ন করা হবে। প্রকল্পটি ২০১৬ সালের জুলাই মাস থেকে শুরু হয়। শেষ হবে ২০২১ সালের জুন মাসে।