১১ কোটি ডলারের কার্যাদেশ বাতিল হয়েছে: বিজিএমইএ
তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম দাবি করছেন, অন্য ভবনে বা শেয়ারড বিল্ডিংয়ে থাকা কারখানা থেকে ব্যবসা গুটাচ্ছে বিদেশি ক্রেতাপ্রতিষ্ঠান। এ ধরনের ৫৭টি কারখানা থেকে গত ছয় মাসে ১১ কোটি ডলারের কার্যাদেশ বাতিল হয়েছে। সংখ্যার হিসাবে যা প্রায় ২০ কোটি পিস পোশাক।
সমিতির পক্ষ থেকে ৪১৯টি কারখানায় জরিপ চালিয়ে এমন তথ্য পাওয়া গেছে বলে জানান বিজিএমইএর সভাপতি। তিনি বলেন, যারা এই কার্যাদেশ বাতিল করেছে, তারা পোশাক ক্রেতাদের জোট অ্যার্কড ও অ্যালায়েন্সের সদস্য। আর এসব প্রতিষ্ঠান পাঁচ বছর বাংলাদেশে ব্যবসা করার প্রতিশ্রুতি দিয়েই অ্যার্কড ও অ্যালায়েন্সের সঙ্গে চুক্তি করেছে।
রাজধানীর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কার্যালয়ে আজ বৃহস্পতিবার প্রাক-বাজেট আলোচনায় এই দাবি করেন বিজিএমইএর সভাপতি। তবে কৌশলগত কারণে কার্যাদেশ বাতিল করা কোনো ক্রেতা ও ব্র্যান্ডের উল্লেখ করতে অস্বীকৃতি জানান তিনি।
বিজিএমইএর সভাপতি অভিযোগ করে বলেন, অ্যার্কড ও অ্যালায়েন্সের কাছে এই বিষয়ে সুরাহার আবেদন জানিয়েও কোনো ফল পাওয়া যাচ্ছে না। তিনি বলেন, ‘পোশাকশিল্পের ৪০ শতাংশ কারখানাই শেয়ারড বিল্ডিংয়ে। আর এসব কারখানায় ১৫ লাখ শ্রমিক কাজ করেন। এভাবে কার্যাদেশ বাতিল হলে লাখ লাখ শ্রমিক বেকার হবেন। সেজন্য আমরা ক্রেতাদের বলতে চাই, এখনই এগুলো অন্যত্র স্থানান্তর সম্ভব না। সেজন্য অবশ্যই মালিকদের সময় দিতে হবে।’
বিজিএমইএর সভাপতি বলেন, ‘অ্যার্কডের পরিদর্শন কার্যক্রমে এখন পর্যন্ত ১৩টি কারখানা বন্ধ হয়ে গেছে। অনেক শ্রমিক বেকার হয়েছেন। তবে ওই সব কারখানায় যেসব ক্রেতাপ্রতিষ্ঠান পোশাকের কাজ করায়, তারা কোনো ক্ষতিপূরণ দেয়নি। এ ব্যাপারে ক্রেতাদের দুই জোটের পক্ষ থেকেও তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি।’
জানতে চাইলে বিজিএমইএর সহসভাপতি শহিদুল্লাহ আজিম প্রথম আলোকে বলেন, ‘কার্যাদেশ বাতিল করার তালিকায় ছোট-বড় সব ধরনের ক্রেতাপ্রতিষ্ঠান ও ব্র্যান্ড আছে। ক্রেতারা লুকোচুরি খেলছেন। কার্যাদেশ বাতিল করলেও তাঁরা এর পেছনের সঠিক কারণ উল্লেখ করছেন না। কারণ, এতে করে আন্তর্জাতিকভাবে চাপে পড়ার সম্ভাবনা আছে।’