১১ জুলাই শিল্প এলাকার সব ব্যাংক খোলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংক আগামী ১১ জুলাই শনিবার ছুটির দিনে শিল্প এলাকার সব শাখা খোলা রাখতে তফসিলি ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে। তৈরি পোশাকশিল্পের শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধে যাতে সুবিধা হয়, সে জন্য এ নির্দেশ দেওয়া হয়েছে।
পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর অনুরোধে ঢাকা মহানগর, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পোশাকশিল্প এলাকায় ব্যাংকের শাখা খোলা রাখতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ গতকাল বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করে এমন নির্দেশনা দিয়েছে। দেশের সব বাণিজ্যিক ব্যাংককে এ নির্দেশনার বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।
একই সঙ্গে ছুটির দিন হওয়ায় ওই দিন যেসব ব্যাংক কর্মকর্তা-কর্মচারীরা অফিসের কাজে যোগ দেবেন, তাঁদের সম্মানজনক ও যুক্তিসংগত ভাতা দেওয়ার জন্য ব্যাংকগুলোকে পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।