১১ দিন ধরে জাহাজে আটকে গেছে ৫৬৩ কনটেইনার
ক্রেতার হাতে নির্দিষ্ট সময়ে পণ্য পৌঁছানো নিয়ে সব সময় শঙ্কায় থাকেন তৈরি পোশাকশিল্পের মালিকেরা। অথচ চট্টগ্রাম বন্দরে পোশাকসহ রপ্তানি পণ্যবাহী একটি কনটেইনার জাহাজ ১১ দিন ধরে আটকে আছে। এ কারণে নির্ধারিত সময়ে পণ্য পৌঁছানো নিয়ে উৎকণ্ঠায় আছে কনটেইনারের মালিকপক্ষ।
বন্দর সূত্রে জানা গেছে, ১১ মে সকালে ‘এমভি স্টার অব লাক’ জাহাজের ধাক্কায় বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের জেটি ক্ষতিগ্রস্ত হয়। বন্দরের নিয়মানুযায়ী, একটি কমিটি প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে এবং সে অনুযায়ী জাহাজমালিকের কাছ থেকে অঙ্গীকার আদায় করা হয়। এরপর জাহাজ বন্দর ত্যাগের অনুমতি দেওয়া হয়।
বন্দর সূত্রে জানা গেছে, জেটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর বন্দরের সদস্য (প্রকৌশল) ক্যাপ্টেন জুলফিকার আজিজকে প্রধান করে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটি প্রায় ১০ কোটি টাকা ক্ষয়ক্ষতি নির্ধারণ করে গত সোমবার জাহাজ পরিচালনাকারী সংস্থাকে জানিয়েছে। অর্থাৎ ক্ষয়ক্ষতির প্রাথমিক পরিমাণ নির্ধারণ করতে সময় লেগেছে নয় দিন।
বন্দরের একটি সূত্র প্রথম আলোকে জানায়, ক্ষয়ক্ষতির অঙ্ক নির্ধারণ নিয়ে কমিটিতে থাকা জাহাজমালিকের স্বার্থরক্ষাকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি আপত্তি জানান। তিনি প্রাথমিকভাবে দুই কোটি ৪০ লাখ টাকা ক্ষয়ক্ষতি নির্ধারণ করার কথা জানান। এ সময় বন্দরের নীতিনির্ধারণী পর্ষদের কয়েকজন সদস্য দেশের বাইরে ছিলেন। ফলে বিষয়টি সুরাহা করতে সময় বেশি লেগেছে।
জানতে চাইলে বন্দরের পরিচালক (প্রশাসন) মুহিবুল হক প্রথম আলোকে বলেন, জাহাজের মালিকপক্ষের প্রতিনিধিকে ক্ষতিপূরণের অঙ্গীকার প্রদানের জন্য গত সোমবার জানানো হয়েছে। নিয়মানুযায়ী তারা ব্যাংক গ্যারান্টি দেওয়ার পরই জাহাজটি বন্দর ত্যাগের অনুমতি দেওয়া হবে।
বন্দরের তথ্য অনুযায়ী, সিঙ্গাপুরভিত্তিক ফিডার অপারেটর সি কনসোর্টিয়ামের এই জাহাজটিতে ৫৬৩ একক রপ্তানি পণ্যভর্তি কনটেইনার রয়েছে। এর মধ্যে পোশাকশিল্পের পণ্যই সিংহভাগ। দুর্ঘটনা না হলে নির্ধারিত সময়সূচি অনুযায়ী ১৬ মে জাহাজটি সিঙ্গাপুর বন্দরে পৌঁছার কথা ছিল। এরপর জাহাজটি থেকে কনটেইনার নামিয়ে তা বড় জাহাজে তুলে বিশ্বের নানা দেশের বন্দরে যাওয়ার কথা।
কিন্তু নির্ধারিত সময়ে জাহাজটি বন্দর ছেড়ে যেতে না পারায় নির্ধারিত সময়ে বড় জাহাজে বোঝাই করতে পারেননি কনটেইনার মালিকপক্ষরা। ফলে এসব রপ্তানি পণ্য ক্রেতার হাতে নির্ধারিত সময়ে পৌঁছানো যাচ্ছে না।