১১ পোশাকশ্রমিক এবং ১২ কারখানাকে স্বীকৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষতা উন্নয়ন, কর্মপরিবেশ, ভবন ও নিরাপত্তা নিশ্চিত করা ১২ তৈরি পোশাক কারখানা এবং এ কাজে সহায়তা করা ১১ পোশাকশ্রমিক পেয়েছেন সোশ্যাল অ্যান্ড এনভায়রনমেন্ট এক্সসেলেন্স অ্যাওয়ার্ড।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ঢাকা অ্যাপারেল সামিটের শেষ দিন গতকাল মঙ্গলবার রাতে চারটি ক্যাটাগরি ও নয়টি সাব-ক্যাটাগরি এই পুরস্কার দেয় জার্মান সরকারি সংস্থা জিআইজেড। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসীকল্যাণ ও কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশারফ হোসেন, শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক, সাংসদ শিরীন আখতার, জিআইজেডের এদেশীয় পরিচালক টবিয়াস বেকার, জার্মান হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ফারদিনান্ড ফন ওয়েহে প্রমুখ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী সম্মেলনের পর্দা নামে। তৈরি পোশাক খাতের রপ্তানি ২০২১ সালের মধ্যে ৫০ বিলিয়ন বা পাঁচ হাজার কোটি ডলারে নিয়ে যেতে একটি টেকসই পরিকল্পনা তৈরির জন্য এই সম্মেলনের আয়োজন করে বিজিএমইএ। গত রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের উদ্বোধন করেন। এতে বিশ্বের বিভিন্ন ব্র্যান্ড ও ক্রেতা প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিশেষজ্ঞ, বিদেশি দাতা সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। প্রথম দুই দিন সম্মেলন প্রাঙ্গণে বিভিন্ন বিষয়ে মোট নয়টি কর্ম-অধিবেশন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের পাশাপাশি অগ্নি ও ভবন নিরাপত্তা সরঞ্জামের প্রদর্শনী হয়। উত্তর আমেরিকার ক্রেতাদের জোট অ্যালায়েন্স প্রদর্শনীটির আয়োজন করে। তিন দিনের নিরাপত্তা সরঞ্জামের প্রদর্শনীতে প্রায় ১০ হাজার দর্শনার্থী আসেন বলে জানান অ্যালায়েন্সের ব্যবস্থাপনা পরিচালক মেসবাহ রবিন।
এ ছাড়া গতকাল দিনব্যাপী আন্তর্জাতিক পণ্যনিরাপত্তা ও পরিবেশ নিয়ে একটি সম্মেলনের আয়োজন করে আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশন (এএএফএ)। তবে এতে সংবাদ সংগ্রহ করতে গণমাধ্যমকর্মীদের প্রবেশ করতে দেওয়া হয়নি। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বিজিএমইএর নেতারাও কিছু জানতে পারেননি।
পুরস্কারপ্রাপ্ত পোশাকশ্রমিকেরা হলেন শিউলী আক্তার, রাজীব, সিমা শিকদার, ইসমত আরা, বকুল আক্তার, লাইলী আক্তার, সাইমুন নাহার, মিঠু মিয়া, মাইদুল ইসলাম, হাসান আলী ও আঁখি আক্তার। অন্যদিকে পুরস্কার পাওয়া পোশাক কারখানা হচ্ছে বেক্সিমকো ফ্যাশন, ফখরুদ্দীন টেক্সটাইল মিলস (তিনটি), অবন্তি কালার টেক্স (দুটি), উন টঙ অ্যাপারেল, জিনাত ফ্যাশনস, অনন্ত গার্মেন্টস, ইয়াসিন নিটটেক্স ইন্ডাস্ট্রিজ, ইন্টারফেব শার্ট ম্যানুফ্যাকচারিং, ইন্টারসফট অ্যাপারেলস, সায়হাম নিট কম্পোজিট, ভিনটেজ ডেনিম (তিনটি) এবং এপিক গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং।