১১ ব্যাংকের ঋণ সীমার বেশি রয়েছে
১১ ব্যাংকের শেয়ারবাজারে বিনিয়োগ-সংশ্লিষ্ট সহযোগী প্রতিষ্ঠানে দেওয়া ঋণ একক গ্রহীতার সীমার চেয়ে বেশি রয়েছে। গত জুলাই পর্যন্ত হিসাবে এ তথ্য মিলেছে।বাংলাদেশ ব্যাংক গতকাল সোমবার এই ঋণসীমা সমন্বয়ের সময় আগামী ৩১ ডিসেম্বর ২০১২ পর্যন্ত বাড়িয়েছে। এ নিয়ে কেন্দ্রীয় ব্যাংক শেয়ারে বিনিয়োগকারীদের বিক্ষোভের মুখে চতুর্থ দফা ঋণ সমন্বয়ের সময় বাড়াল। এর আগে সর্বশেষ সময়সীমা ছিল ৩১ ডিসেম্বর ২০১১।এদিকে বাংলাদেশ ব্যাংক থেকে গতকাল আর্থিক প্রতিষ্ঠানগুলোর শেয়ারবাজারে বিনিয়োগ-সংশ্লিষ্টতা সীমার মধ্যে নামিয়ে আনার সময়ও বৃদ্ধি করা হয়েছে। নতুন সময় দেওয়া হয়েছে ২০১২ সালের ডিসেম্বর পর্যন্ত।টানা কয়েক দিন ধরে শেয়ারবাজারে উত্থান-পতন পরিস্থিতিতে বিনিয়োগকারীদের বিক্ষোভ-ভাঙচুর এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নানা তত্পরতার পর গতকাল কেন্দ্রীয় ব্যাংক নতুন এই দুই নির্দেশ জারি করেছে। সূত্রে পাওয়া তথ্যে দেখা গেছে, জুলাই পর্যন্ত হিসাবে ১১ ব্যাংকের শেয়ারবাজার-সংশ্লিষ্ট বিনিয়োগে সহযোগী প্রতিষ্ঠানকে দেওয়া ঋণসীমার বেশি রয়েছে। এর আগে চলতি পঞ্জিকা বর্ষের আগামী ডিসেম্বর পর্যন্ত এই সীমা সমন্বয়ের সময় নির্ধারিত ছিল। এই ব্যাংকগুলোর মধ্যে শাহজালাল ইসলামী ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠানকে দেওয়া ঋণের স্থিতি ব্যাংকের মূলধনের ৪৪ দশমিক ৫০ শতাংশ রয়েছে। তারপরই আছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। এই ব্যাংকটি তাদের শেয়ারবাজার-সংশ্লিষ্ট বিনিয়োগে সহযোগী প্রতিষ্ঠানকে দেওয়া ঋণের স্থিতি দাঁড়িয়েছে ৩৯ দশমিক ৯৫ শতাংশ। ব্যাংক এশিয়ার ঋণ দাঁড়িয়েছে ৩৫ দশমিক ৮৯ শতাংশ। ২৭ দশমিক ৩৬ শতাংশ ঋণ স্থিতি রয়েছে প্রিমিয়ার ব্যাংকের। এনসিসিবিএলের স্থিতি ২৫ দশমিক ৫৯ শতাংশ। বাংলাদেশ কমার্স ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠানকে ব্যাংকের দেওয়া ঋণের স্থিতি রয়েছে ২৩ দশমিক ৫৯ শতাংশ। সিটি ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠানে ঋণের স্থিতি দাঁড়িয়েছে ২১ দশমিক ৯১ শতাংশ। ন্যাশনাল ব্যাংকের স্থিতি ২১ দশমিক ২৩ শতাংশ। আইএফআইসির স্থিতি ১৮ দশমিক ৩০ শতাংশ। স্ট্যান্ডার্ড ব্যাংকের স্থিতি ১৭ দশমিক ৬৪ শতাংশ এবং ঢাকা ব্যাংকের শেয়ারবাজার-সংশ্লিষ্ট সহযোগী প্রতিষ্ঠানে জুলাই পর্যন্ত হিসাবে ঋণের স্থিতি রয়েছে ১৬ দশমিক ০২ শতাংশ।প্রসঙ্গত, বাংলাদেশ ব্যাংকের বিধান অনুসারে কোনো ব্যাংক একক কোনো গ্রহীতাকে ব্যাংকের মূলধনের সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত ফান্ডেড ঋণ দিতে পারে। একক গ্রহীতার কাছে ঋণ কেন্দ্রীভূত হয়ে ব্যাংকের ঝুঁকি যাতে না বাড়ে, এ বিবেচনায় কেন্দ্রীয় ব্যাংক এই বিধান তৈরি করে ২০০৩ সালে। ব্যাংকের সব ধরনের গ্রাহকের ক্ষেত্রেই এই বিধান প্রযোজ্য। আরও উল্লেখ্য, শেয়ারবাজারে বিনিয়োগের জন্য ব্যাংকগুলোকে সহযোগী প্রতিষ্ঠান খুলতে কেন্দ্রীয় ব্যাংক থেকে উত্সাহিত ও পরামর্শ দেওয়া হয়। এটা করা হয়েছিল যাতে শেয়ারবাজারের মতো স্পর্শকাতর খাতে ব্যাংকের বিনিয়োগের ক্ষেত্রে একটা নিরাপত্তাবেষ্টনী তৈরি করা যায় সে জন্য। এতে বাজারে উত্থান-পতনের কারণে ব্যাংকের আমানতকারীর আর্থিক ক্ষতিকে আটকে দেওয়া যায়। সহযোগী প্রতিষ্ঠান পৃথক সত্তার হওয়ায় এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হওয়ার পর থেকে বাংলাদেশ ব্যাংকের একক গ্রহীতার ঋণসীমা নিয়ন্ত্রণের আওতায় তা চলে আসে। আর্থিক প্রতিষ্ঠানগুলোর সময় বৃদ্ধি: এদিকে গতকাল ব্যাংকের শেয়ারবাজার-সংশ্লিষ্ট সহযোগী প্রতিষ্ঠানে দেওয়া ঋণ সমন্বয় সময় বাড়ানোর পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে পৃথক একটি নির্দেশনা দেওয়া হয়েছে। এই নির্দেশনায় অব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোর বাজার-সংশ্লিষ্টতার সীমা সমন্বয়ের সময়ও ২০১২ সালের ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।আর্থিক প্রতিষ্ঠান আইন অনুসারে কোনো অব্যাংক আর্থিক প্রতিষ্ঠান তাদের মূলধনের সর্বোচ্চ ২৫ শতাংশ এবং বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত অর্থ শেয়ারবাজারে বিনিয়োগ করতে পারে। কিন্তু ২০০৯-১০ সালে শেয়ারবাজার উত্থানের প্রাক্কালে অনেক অব্যাংক আর্থিক প্রতিষ্ঠানই এই সীমা অতিক্রম করে বাজারে বিভিন্নভাবে বিনিয়োগ করে। যেমন করে ব্যাংকগুলোও ব্যাংক কোম্পানি আইন না মেনে মোট আমানতের (দায়) ১০ শতাংশের বেশি শেয়ারবাজারে বিনিয়োগ করে ফেলে।বাংলাদেশ ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোর বাজারে বিনিয়োগের পরিমাণ আইনি সীমার মধ্যে নামিয়ে আনতে ইতিপূর্বে ২০১১ সালের ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে পড়ে কেন্দ্রীয় ব্যাংক গতকাল এই সময় ২০১২ সালের ডিসেম্বর পর্যন্ত বাড়িয়ে দিয়েছে।