১১ মাসে আমদানি ব্যয় তিন হাজার কোটি ডলার ছাড়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বার্ষিক পণ্য আমদানি ব্যয় প্রথমবারের মতো তিন হাজার কোটি ডলার অতিক্রম করেছে। বিদায়ী ২০১০-১১ অর্থবছরের ১১ মাসে (জুলাই-মে) পণ্য আমদানি ব্যয় দাঁড়িয়েছে তিন হাজার ৭৪ কোটি ৭১ লাখ ডলার।১১ মাসে পণ্য আমদানির ব্যয় তার আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ৪৩ শতাংশ বেশি। ২০০৯-১০ অর্থবছরের জুলাই-মে সময়কালে পণ্য আমদানির ব্যয় দাঁড়িয়েছিল দুই হাজার ১৫৩ কোটি ৮২ লাখ ডলার।বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান থেকে এই চিত্র পাওয়া গেছে। এতে আরও দেখা যায়, শুধু মাসে পণ্য আমদানির জন্য ব্যয় করতে হয়েছে ৩২৯ কোটি ১৮ লাখ ডলার। এটি গত বছরের মে মাসের তুলনায় প্রায় ৫৫ শতাংশ বেশি। পরিসংখ্যান পর্যালোচনায় দেখা যায়, ১১ মাসের মধ্যে মে মাসেই আমদানি ব্যয় সবচেয়ে বেশি হয়েছে। এপ্রিল মাসে আমদানি ব্যয়ের পরিমাণ ছিল ৩১৮ কোটি ৬১ লাখ ডলার। এটি অবশ্য আমদানির সিঅ্যান্ডএফ হিসাব। লেনদেনের ভারসাম্য সারণিতে এটিকে খানিকটা সমন্বয় করা হয়। ফলে এফওবি হিসেবে আমদানির পরিসংখ্যান লেনদেনের ভারসাম্য সারণিতে আসে, যা সিঅ্যান্ডএফের চেয়ে কম হয়।বাংলাদেশ ব্যাংকের লেনদেনের ভারসাম্য সারণি অনুসারে ২০১০-১১ অর্থবছরের ১০ মাসে (জুলাই-এপ্রিল) পণ্য আমদানির ব্যয় দাঁড়িয়েছে দুই হাজার ৪৭৪ কোটি ৫০ লাখ ডলার। আর এই সময়কালে সিঅ্যান্ডএফের হিসাব অনুসারে, আমদানির ব্যয় দাঁড়িয়েছে দুই হাজার ৭৪৫ কোটি ৩৩ লাখ ডলার।এফওবি বলতে বোঝানো হয়, বন্দর পর্যন্ত পণ্য পৌঁছানো ও জাহাজীকরণের খরচ জোগানদারের। এ ক্ষেত্রে বিমা ও সংশ্লিষ্ট ব্যয় যুক্ত হয় না। অন্যদিকে সিঅ্যান্ডএফের মধ্যে বিমা, পণ্য খালাসসহ যাবতীয় খরচ অন্তর্ভুক্ত হয়।আন্তর্জাতিক বাজারে বিভিন্ন পণ্যের মূল্যবৃদ্ধি পাওয়ার পাশাপাশি অভ্যন্তরীণ চাহিদা বেড়ে যাওয়ায় দেশে আমদানি ব্যয় অস্বাভাবিক হারে বেড়ে গেছে। এর ফলে, রপ্তানি-আয়ে উচ্চতর প্রবৃদ্ধি থাকার পরও বেড়ে গেছে বাণিজ্য ঘাটতি। বিশ্ববাজারে এবার খাদ্যমূল্য আগের বছরের চেয়ে ৩০ থেকে ৩৫ শতাংশ বাড়বে বলে একাধিক গবেষণায় পূর্বাভাস দেওয়া হয়েছে। বছরের প্রথমার্ধে খাদ্যের পাশাপাশি শিল্পের কাঁচামাল ও জ্বালানি তেলের দামও উল্লেখযোগ্য হারে বেড়েছে। আবার দেশে উচ্চহারে মূল্যস্ফীতি, ডলারের বিপরীতে টাকার দরপতন ও ব্যাংক ঋণের সুদের হার বৃদ্ধি পাওয়ার সমন্বিত প্রভাবে আমদানি ক্রমশই ব্যয়বহুল হয়ে উঠছে। এর ফলে বাণিজ্য ভারসাম্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।