১১ মাসে ৮ বার এমডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএইচবিএফসি
বিএইচবিএফসি

রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে (বিএইচবিএফসি) গত ১১ মাসে ৮ বার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বদল হয়েছে।
রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকগুলোর উপব্যবস্থাপনা পরিচালকদের (ডিএমডি) পদোন্নতি দিয়ে যখন এমডি করা হচ্ছে, বেশির ভাগ ক্ষেত্রেই তাঁদের নিয়োগ দেওয়ার জন্য বেছে নেওয়া হচ্ছে বিএইচবিএফসিকে। অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ নিয়োগ দিচ্ছে।
বিএইচবিএফসিতে একজন এমডি আসছেন তো চাকরির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় কয়েক দিন কাজ করার পরই তাঁকে চলে যেতে হচ্ছে। সরকারের এমন তৎপরতা ও দূরদৃষ্টিতার অভাবে বিস্ময় প্রকাশ করেছেন ব্যাংকসহ গোটা আর্থিক খাতের অভিজ্ঞরা।
যোগাযোগ করলে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘বিএইচবিএফসির মতো একটি গুরুত্বপূর্ণ সংস্থায় যদি ১১ মাসে ৮ বার এমডি বদল হয়, আমি বলব এটা শুধু হাস্যকর নয়, দুঃখজনকও বটে।’
প্রাপ্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, বিএইচবিএফসির সাবেক এমডি নূরুল আলম তালুকদারের চাকরির মেয়াদ শেষ হয় ২০১৫ সালের ৩১ ডিসেম্বর। পরদিন এ বছরের ১ জানুয়ারি সংস্থাটির মহাব্যবস্থাপক দৌলতুন্নাহার খানমকে অতিরিক্ত দায়িত্বের এমডি নিয়োগ করে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
দৌলতুন্নাহার খানম ৪ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করে মহাব্যবস্থাপকের পদে ফিরে যান। জনতা ব্যাংকের ডিএমডি থেকে পদোন্নতি পেয়ে পরদিন ৫ ফেব্রুয়ারি বিএইচবিএফসিতে নিয়মিত এমডি হিসেবে যোগ দেন ওমর ফারুক। কিন্তু এক মাস পাঁচ দিন পর ১১ মার্চ তিনি অবসরে যান।
এ বছরের ১২ মার্চ আবার অতিরিক্ত দায়িত্বের এমডি হন দৌলতুন্নাহার খানম। এ দফায় তিনি দায়িত্ব পালন করেন ২৭ আগস্ট পর্যন্ত। ২৮ আগস্ট রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) ডিএমডি আবদুল খালেক খানকে পদোন্নতি দিয়ে বিএইচবিএফসির এমডি করা হয় মাত্র দুই দিনের জন্য।
খালেক খান ৩০ আগস্ট অবসরে চলে যান। পরদিন ৩১ আগস্ট আবার সংস্থাটিতে অতিরিক্ত দায়িত্বের এমডি হন ওই দৌলতুন্নাহার খানম। এবার তিনি দায়িত্ব পালন করেন সাত দিন।
এরপর জনতা ব্যাংকের ডিএমডি থেকে পদোন্নতি পেয়ে ৮ সেপ্টেম্বর বিএইচবিএফসিতে এমডি হয়ে আসেন আফরোজা গুল নাহার। তিনি চাকরি করেন ৩০ অক্টোবর পর্যন্ত অর্থাৎ ৫২ দিন। পরদিন ৩১ অক্টোবর আবার দায়িত্ব পান ওই দৌলতুন্নাহার খানম এবং এ দফায় ২৭ দিন দায়িত্ব পালন করেন তিনি।
সর্বশেষ সোনালী ব্যাংকের ডিএমডি দিদার মো. আবদুর রবকে পদোন্নতি দিয়ে গত ২৭ নভেম্বর বিএইচবিএফসিতে এমডি নিয়োগ দেয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। অথচ তাঁর চাকরির মেয়াদ আছে ৩১ ডিসেম্বর পর্যন্ত।
বিএইচবিএফসির কর্মকর্তারা মনে করছেন, এরপর আবার হয়তো দৌলতুন্নাহার খানমকে অতিরিক্ত দায়িত্বের এমডি নিয়োগ দেওয়া হবে এবং তার কিছুদিন পর আবারও রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকের কোনো ডিএমডিকে পদোন্নতি দিয়ে করা হবে বিএইচবিএফসির স্বল্প সময়ের এমডি।
বিএইচবিএফসির প্রধান পদ নিয়ে কেন এমন করা হচ্ছে এবং সংস্থাটিকে এত গুরুত্বহীনভাবেই দেখা হচ্ছে কেন—গতকাল বৃহস্পতিবার জানতে চাইলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা এসব প্রশ্নের জবাব দিতে চাননি। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. ইউনুসুর রহমান গতকাল পর্যন্ত ফিলিপাইনে থাকায় কথা বলা সম্ভব হয়নি।

>বিএইচবিএফসি বলে কথা নয়, আমি বলব কিছু লোককে সুবিধা দেওয়ার জন্য সরকার পুরো ব্যাংক ও আর্থিক খাতেই বিশৃঙ্খলা তৈরি করেছে। বিষয়টা সরকারের দূরদৃষ্টিতার অভাবের নির্দেশক বলেও মনে হচ্ছে
সালেহউদ্দিন আহমেদ
সাবেক গভর্নর, বাংলাদেশ ব্যাংক

বিএইচবিএফসির সাবেক এমডি রায়হানা আনিসা য়ূসুফ আলী বিস্ময় প্রকাশ করে প্রথম আলোকে বলেন, ‘একজনকে নিয়োগ দিলেন তো তাঁকে কাজ করার সুযোগ তো দেবেন! এমন কাউকে নিয়োগ দেওয়া উচিত যিনি অন্তত দুই থেকে তিন বছর কাজ করতে পারেন।’
রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক ও বিএইচবিএফসি সূত্রে জানা গেছে, সংস্থায় জটিলতাটি তৈরি করেছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ নিজে। আর এর নেপথ্যে রয়েছে মেয়াদ শেষ হওয়ার পরও রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোতে এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া।
সোনালী, অগ্রণী, রূপালী ও কৃষি ব্যাংকে একবার কাউকে নিয়োগ দিয়ে পরে তাঁদের মেয়াদ আবারও দুই থেকে তিন দফা বাড়ানো হয়েছে। চার ব্যাংকের সাবেক এমডি প্রদীপ কুমার দত্ত, সৈয়দ আবদুল হামিদ, এম ফরিদউদ্দিন ও এম এ ইউসুফেরা এমন মেয়াদ বৃদ্ধির সুবিধাভোগী। ফলে অন্যদের ডিএমডি থেকে পদোন্নতি দিয়ে এমডি করা যাচ্ছিল না।
সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, ‘বিএইচবিএফসি বলে কথা নয়, আমি বলব কিছু লোককে সুবিধা দেওয়ার জন্য সরকার পুরো ব্যাংক ও আর্থিক খাতেই বিশৃঙ্খলা তৈরি করেছে। বিষয়টা সরকারের দূরদৃষ্টিতার অভাবের নির্দেশক বলেও মনে হচ্ছে।’