১১ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে রুপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডলারের বিপরীতে শক্তিশালী অবস্থানে ভারতীয় মুদ্রা রুপি। আজ সোমবার দশমিক ৭ শতাংশের বেশি বেড়েছে। এতে রুপির দর ১১ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। প্রতি ডলারের আজ মূল্যমান ছিল ৫৮.৩৮ রুপি।

লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি জয়ী হওয়ায় দেশের শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ বেড়ে যাবে—এমন আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এরই অংশ হিসেবে রুপির শক্তিশালী এই অবস্থান। 

২০১৩ সালের ১৮ জুনের পর গত শুক্রবার প্রতি ডলার ৫৮.৮০ রুপিতে লেনদেন হয়।

বাজারসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পাওয়া রুপির দর বৃদ্ধির প্রধান কারণ। শুক্রবার তিন হাজার ৬৩৫ রুপি বিদেশি বিনিয়োগ হয় দেশটির শেয়ারবাজারে।

বিজেপি গত বছরের ১৩ সেপ্টেম্বর মোদিকে প্রধানমন্ত্রী প্রার্থী ঘোষণার পর ভারতের শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ বেড়ে যায়। শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থার সর্বশেষ তথ্য অনুযায়ী, মধ্য সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত এক লাখ কোটি রুপি শেয়ার ও বন্ডে বিনিয়োগ করেছেন বিদেশি বিনিয়োগকারীরা।

বিশ্লেষকেরা বলছেন, প্রথম ধাপের পুনর্গঠনে দীর্ঘমেয়াদি সরাসরি বিদেশি বিনিয়োগ আকর্ষণীয় করা হবে, এমন ধারণা রুপির দাম বাড়ার পেছনের অন্যতম কারণ।

এদিকে রুপির দাম বাড়ার মধ্যেও রিজার্ভ ব্যাংক ডলার কেনা অব্যাহত রেখেছে। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে স্পট মার্কেট থেকে ডলার কিনছে।

অন্যদিকে রুপির বিপরীতে ডলারের দাম পড়ে যাওয়া আইটি খাতের কোম্পানিগুলোয় নেতিবাচক প্রভাব দেখা গেছে। এ কারণে আজ আইটি খাতের কোম্পানি ইনফোসিস ও টিসিএসের দাম পড়ে গেছে।