১১ মিশনে রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপ, আমেরিকা ও এশিয়ায় বাংলাদেশের গুরুত্বপূর্ণ ১১টি মিশনের বাণিজ্যিক শাখা রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১১টি দেশের বাংলাদেশ মিশন-সংশ্লিষ্ট বাণিজ্যিক শাখা বিশ্ববাজারে এ-দেশীয় পণ্যের পরিচিতি তুলে ধরতে ব্যর্থ হয়েছে। এ ছাড়া ইউরোপ ও আমেরিকায় অর্থনৈতিক মন্দা বাংলাদেশের রপ্তানি বাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে।বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের দেওয়া প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। জাতীয় সংসদ ভবনে গত বুধবার এই বৈঠক হয়।ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বর্তমানে বিশ্বের ১৯টি দেশে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে বাণিজ্যিক শাখা রয়েছে। এগুলোর মধ্যে চলতি অর্থবছরের প্রথম চার মাসে লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে ওয়াশিংটন, বার্লিন, লন্ডন, প্যারিস, ব্রাসেলস, টোকিও, নয়াদিল্লি, বেইজিং, মস্কো, তেহরান ও ইয়াঙ্গুনের মিশন-সংশ্লিষ্ট বাণিজ্যিক শাখা। লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হয়েছে মাদ্রিদ, অটোয়া, ক্যানবেরা, দুবাই ও কুয়ালালামপুরের বাণিজ্যিক শাখা। প্রতিবেদনে তিনটি মিশনের বাণিজ্যিক শাখার হিসাব উল্লেখ করা হয়নি।রপ্তানি উন্নয়ন ব্যুরো থেকে সংসদীয় কমিটিকে জানানো হয়েছে, ২০১২-১৩ অর্থবছরে বাংলাদেশের রপ্তানি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৮ হাজার মিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে ১৯টি দেশের বাণিজ্যিক শাখার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৭৬৪ মিলিয়ন মার্কিন ডলার। বাণিজ্যিক শাখার দায়িত্ব হলো রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনে পদক্ষেপ নেওয়া, বিশেষ করে স্থানীয় আমদানিকারকদের সঙ্গে যোগাযোগ করে পণ্যের গুণাগুণ ও রপ্তানির সুযোগ-সুবিধা তুলে ধরা। এ ছাড়া বিদেশে দেশীয় পণ্যের নতুন বাজার খুঁজে বের করে দেশীয় রপ্তানিকারক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা এবং দেশে বিনিয়োগ বাড়াতে বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে সম্পর্ক স্থাপন করা বাণিজ্যিক শাখাগুলোর দায়িত্ব।বৈঠক শেষে কমিটির সদস্য রুমানা মাহমুদ সাংবাদিকদের জানান, ১১টি দেশের বাণিজ্যিক শাখা কেন লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে, সংসদীয় কমিটি তার কারণ জানতে চেয়েছে।কমিটির সভাপতি এ বি এম আবুল কাশেম প্রথম আলোকে জানান, মন্ত্রণালয় বাণিজ্য শাখাগুলোকে আরও তৎপর হওয়ার জন্য চিঠি দিয়েছে। কমিটি এই শাখাগুলোকে প্রয়োজনীয় সহায়তা দিতে মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করেছে, যাতে তারা লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হয়। আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে কমিটির সদস্য তহুরা আলী উপস্থিত ছিলেন।