জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) গতকাল মঙ্গলবার এক বৈঠকে ১১ হাজার ৫৮২ কোটি টাকা ব্যয়সংবলিত ১১টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে দুই হাজার ২৭৭ কোটি টাকা ব্যয়সংবলিত দুটি রেলওয়ে উন্নয়ন প্রকল্প রয়েছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও একনেকের চেয়ারপারসন শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। খবর ইউএনবির।বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার সাংবাদিকদের এসব তথ্য জানান। এ সময় পরিকল্পনাসচিব মনজুর হোসেন উপস্থিত ছিলেন।পরিকল্পনামন্ত্রী জানান, মোট ব্যয়ের চার হাজার ৮৫১ কোটি টাকা আসবে রাষ্ট্রীয় কোষাগার থেকে। বাকি ছয় হাজার ৭৩১ কোটি টাকা প্রকল্প সাহায্য হিসেবে পাওয়া যাবে। রেলওয়ের একটি প্রকল্প হলো: খুলনা থেকে মংলা বন্দর পর্যন্ত সম্ভাব্যতা যাচাইসহ রেলপথ স্থাপন। এর ব্যয় ধার্য করা হয়েছে এক হাজার ৭২১ কোটি টাকা। এর মধ্যে এক হাজার ২০২ কোটি টাকা আসবে প্রকল্প সহায়তা হিসেবে। এই প্রকল্পের আওতায় খুলনা থেকে মংলা পর্যন্ত ৫৩ কিলোমিটার নতুন রেলপথ বসবে। আর সংস্কার করা হবে ১১ কিলোমিটার পুরোনো রেলপথ।এ প্রসঙ্গে এ কে খন্দকার বলেন, মংলা বন্দরের সঙ্গে রেল সংযোগ স্থাপনের জন্য এই প্রকল্প গ্রহণ করা হয়েছে। আর মংলা বন্দর সচল করার অন্যতম কারণ হলো, ভবিষ্যতে নেপাল ও ভুটান যেন এই বন্দর ব্যবহার করতে পারে।রেলওয়ের আরেকটি প্রকল্পের আওতায় ১৫০টি মিটারগেজ যাত্রীবাহী রেলকোচ ক্রয় করা হবে। এ জন্য ৫৫৬ কোটি টাকা ব্যয় হবে, যার মধ্যে ৩৯৮ কোটি টাকা আসবে প্রকল্প সাহায্য হিসেবে।তবে একনেকের বৈঠকে ভারতীয় ঋণে আশুগঞ্জে অভ্যন্তরীণ কনটেইনার টার্মিনাল নৌবন্দর স্থাপনের প্রকল্পটি উত্থাপন করা হলেও তা অনুমোদন করা হয়নি।